ঢাকার বাইরে বড় ক্রিকেট আয়োজনের সুযোগ তৈরি করে দিচ্ছে ডি থ্রি ট্রফি। ঘরোয়া ক্রিকেটের নতুন এই টি-টোয়েন্টি প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচের পর এবার ফাইনালও বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত বড় একটি অংশের ক্রিকেট-উৎসব উপভোগের সুযোগ পাবেন বরিশালের দর্শকরা!
বিসিবির প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর একমি ও ফরচুনের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ছয় দলের এই প্রতিযোগিতা। দুপুর ২টা ৪৫ মিনিটে শুরু হবে উদ্বোধনী ম্যাচ। একই মাঠে ৩১ ডিসেম্বর একই সময়ে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী লড়াই। ফাইনালের জন্য পরদিন, ২০২৭ সালের ১ জানুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে।
মোট ১৯ ম্যাচের টুর্নামেন্টে বরিশালই থাকছে প্রধান ভেন্যু। সেখানে হবে ১২টি ম্যাচ, বাকি সাতটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৫ থেকে ১৯ ডিসেম্বর বরিশালে খেলার পর ২০ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত দুই ভেন্যুতে চলবে লিগ পর্বের বাকি ম্যাচগুলো। প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে; ফলে প্রথম পর্বে প্রত্যেকের সুযোগ থাকবে পাঁচটি করে ম্যাচ খেলার।
লিগ পর্বের ১৫ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে প্লে-অফে। ২৭ ডিসেম্বর বরিশালেই হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। সকাল ১১টায় তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল লড়বে এলিমিনেটরে। বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল। প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি ফাইনালে উঠবে। হেরে যাওয়া দলটির সামনে অবশ্য আরেকটি সুযোগ থাকবে।
২৯ ডিসেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল খেলবে এলিমিনেটরের বিজয়ীর বিপক্ষে। এই ম্যাচের জয়ী দলও পাবে ফাইনালের টিকিট। শেষ পর্যন্ত ৩১ ডিসেম্বর শিরোপার লড়াইয়ে নামবে প্রথম কোয়ালিফায়ার ও দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দুই দল। প্লে-অফের চারটি ম্যাচই হবে বরিশালে।
অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লু স্টার-ছয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজন করা হচ্ছে ডি থ্রি ট্রফি। এরই মধ্যে লটারির মাধ্যমে আইকন খেলোয়াড়ও বেছে নিয়েছে দলগুলো। আগামী ২৬ অক্টোবর পয়েন্টের ভিত্তিতে নিলামে ২৩ জনের স্কোয়াড সাজাবে তারা। অর্থের বদলে নির্দিষ্ট পয়েন্ট খরচ করে খেলোয়াড় নেওয়ার এই পদ্ধতিও নতুন টুর্নামেন্টের আলাদা বৈশিষ্ট্য।
সূচি অনুযায়ী, সব ম্যাচই দিনের আলোয় অনুষ্ঠিত হবে। ডাবল ম্যাচের দিনগুলোতে প্রথম খেলা শুরু হবে সকাল ১১টায়, দ্বিতীয়টি দুপুর ২টা ৪৫ মিনিটে। উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল একই সময়ে আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি।
ডি থ্রি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি
ম্যাচ তারিখ সময় ভেন্যু দল ১ দল ২ পর্ব
০১ ১৫ ডিসেম্বর দুপুর ২:৪৫ বরিশাল একমি ফরচুন লিগ পর্ব
০২ ১৬ ডিসেম্বর সকাল ১১:০০ মিরপুর ওয়ালটন সেভেন রিংস সিমেন্ট লিগ পর্ব
০৩ ১৬ ডিসেম্বর দুপুর ২:৪৫ বরিশাল একমি সিটিজেনস ব্যাংক লিগ পর্ব
০৪ ১৭ ডিসেম্বর সকাল ১১:০০ মিরপুর ওয়ালটন ব্লু স্টার লিগ পর্ব
০৫ ১৭ ডিসেম্বর দুপুর ২:৪৫ বরিশাল ফরচুন সিটিজেনস ব্যাংক লিগ পর্ব
০৬ ১৯ ডিসেম্বর দুপুর ২:৪৫ বরিশাল সেভেন রিংস সিমেন্ট ব্লু স্টার লিগ পর্ব
০৭ ২০ ডিসেম্বর দুপুর ২:৪৫ মিরপুর একমি ওয়ালটন লিগ পর্ব
০৮ ২১ ডিসেম্বর সকাল ১১:০০ মিরপুর ফরচুন সেভেন রিংস সিমেন্ট লিগ পর্ব
০৯ ২১ ডিসেম্বর দুপুর ২:৪৫ বরিশাল সিটিজেনস ব্যাংক ব্লু স্টার লিগ পর্ব
১০ ২২ ডিসেম্বর সকাল ১১:০০ মিরপুর একমি সেভেন রিংস সিমেন্ট লিগ পর্ব
১১ ২২ ডিসেম্বর দুপুর ২:৪৫ বরিশাল ফরচুন ওয়ালটন লিগ পর্ব
১২ ২৪ ডিসেম্বর সকাল ১১:০০ মিরপুর সিটিজেনস ব্যাংক সেভেন রিংস সিমেন্ট লিগ পর্ব
১৩ ২৪ ডিসেম্বর দুপুর ২:৪৫ বরিশাল একমি ব্লু স্টার লিগ পর্ব
১৪ ২৫ ডিসেম্বর সকাল ১১:০০ মিরপুর সিটিজেনস ব্যাংক ওয়ালটন লিগ পর্ব
১৫ ২৫ ডিসেম্বর দুপুর ২:৪৫ বরিশাল ফরচুন ব্লু স্টার লিগ পর্ব
১৬ ২৭ ডিসেম্বর সকাল ১১:০০ বরিশাল তৃতীয় দল চতুর্থ দল এলিমিনেটর
১৭ ২৭ ডিসেম্বর বিকেল ৩:৩০ বরিশাল প্রথম দল দ্বিতীয় দল কোয়ালিফায়ার ১
১৮ ২৯ ডিসেম্বর দুপুর ২:৪৫ বরিশাল ম্যাচ ১৭ পরাজিত ম্যাচ ১৬ বিজয়ী কোয়ালিফায়ার ২
১৯ ৩১ ডিসেম্বর দুপুর ২:৪৫ বরিশাল ম্যাচ ১৭ জয়ী ম্যাচ ১৮ জয়ী ফাইনাল
