জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “বর্তমান জাতীয় সংসদ পাঁচ বছর টিকবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। ১৬ বছর পর নির্বাচন ও নতুন সংসদ গঠিত হলেও সেখানে বিরোধী দলের বক্তব্য এবং জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন হচ্ছে না। বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কারণে এই সংসদ আর জনগণের সংসদ নেই।”
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “দেশের যেকোনো শ্রেণির নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।”
শনিবার সকালে গায়ক আসিফ আকবরের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন।”
পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকায় প্রতিটি বাস ও রুটের গাড়ি থেকে চাঁদা নেওয়া হচ্ছে। এই চাঁদার ভাগ এখনো আওয়ামী লীগ ও বিএনপি ভাগাভাগি করে নিচ্ছে।
তার অভিযোগ, দুই দলের এই ভাগাভাগির কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানুষের পকেটের টাকা চলে যাচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, “দেশে সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতি চলতে পারে না। এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। ১৬ বছর ধরে আন্দোলন করতে করতে মানুষ ক্লান্ত হলেও এখন আর বিকল্প নেই।”
তার অভিযোগ, তারেক রহমান গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিয়েছেন। সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পুনরুদ্ধারে আবারও রাজপথে নামতে হবে।
তিনি বলেন, “জনগণ তাদের কথা সংসদে তুলে ধরার জন্য বিরোধী দলকে পাঠিয়েছিল। কিন্তু, সেখানে জনগণের কথা বলার সুযোগ না থাকায় তারা আবারও মানুষের কাছে ফিরে এসেছেন।”
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন নাহিদ ইসলাম। একইসঙ্গে জ্বালানি খাতে ব্যর্থতার দায় স্বীকার করে জ্বালানিমন্ত্রীরও পদত্যাগ দাবি করেন তিনি।
সংবিধান সংস্কারের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “সংবিধান সংশোধন কমিটির নামে যে নাটক ও প্রহসন চলছে, তা বন্ধ করতে হবে। গণভোটের ম্যান্ডেট অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। সংসদে পাস হওয়া কর্তৃত্ববাদী আইনগুলো পরিবর্তন এবং জুলাই গণহত্যায় যাত্রাবাড়ীতে শহীদ হওয়া ব্যক্তিদের পাশাপাশি ওসমান হাদীর হত্যার বিচার নিশ্চিত করতে হবে।” যেসব মামলার রায় হয়েছে, সেগুলো অবিলম্বে কার্যকর করারও দাবি জানান।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও দলীয়করণের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, “আলুচাষিরা লোকসান দিয়ে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। হিমাগারে আলু সংরক্ষণে ৮৬০ টাকা খরচ হলেও তা ৬২৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে, লক্ষ্মীপুরে ৫৭ জনকে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে, যাদের মধ্যে ৪৫ জন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের সারের ব্যবসা করার কোনো অভিজ্ঞতা নেই।”
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “এবারের নির্বাচনে তাকে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে। তবে, জনগণের মন থেকে তাকে মুছে ফেলা যায়নি। এখন থেকে পুরো ঢাকা মহানগর দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপি সক্রিয় থাকবে।” কোথাও চাঁদাবাজি, সন্ত্রাস বা দখলদারিত্বের ঘটনা ঘটলে তাদের জানাতে জনগণের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।
আগামী ৩০ সেপ্টেম্বর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এটি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার কর্মসূচি। শ্রমিক ও মজুরদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এতে অংশ নিতে হবে।” শাহবাগের গণবিক্ষোভ থেকে সংসদ ও প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত যাওয়ার কথাও জানান তিনি।
শেখ হাসিনাকে গণভবন থেকে উৎখাত করার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, “তারেক রহমানের উচিত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, যাতে তাকে একই পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। তারেক রহমান লন্ডনে নিজের বাসা এখনো বিক্রি বা ছেড়ে দেননি এবং সালাহউদ্দিন সাহেবও শ্রীলঙ্কায় একটি বাসভবন রেখে দিয়েছেন। তাদের এক পা দেশে, আরেক পা বিদেশে রয়েছে।”
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, “সময় থাকতে জনগণের ম্যান্ডেট, গণভোটের ম্যান্ডেট ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। অন্যথায়, জনগণ যখন স্রোতের মতো রাজপথে নামবে, তখন সেই জনস্রোত থামানো সম্ভব হবে না।”
