চাঁদপুরের ফরিদগঞ্জে শেষ রাতে এক আকস্মিক অগ্নিকাণ্ডে আবুল হোসেন নামের এক ব্যক্তির একটি পরিত্যক্ত বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ভোররাত ৪টার দিকে উপজেলার ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়নের হুগলি এলাকার বরকন্দাজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে বরকন্দাজ বাড়ির মো. আবুল হোসেনের বসতঘরে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয় প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালানোর পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন।
সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা কামরুল হাসানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ঘরের ভেতরে থাকা মালামালসহ পুরো অবকাঠামো পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা কামরুল হাসান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন আশপাশের অন্য বাসাবাড়িতে ছড়াতে পারেনি। এ ঘটনায় আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত গৃহকর্তা মো. আবুল হোসেন জানান, কাজের প্রয়োজনে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডের সময় ঘরে কেউ না থাকায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে ঘরে থাকা কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।
জেএইচআর
