প্রকাশিত: ১৭:২৬, ২৩ অক্টোবর ২০২৬
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান
পাহাড়কে অশান্ত করে কোনো ঘোলাটে পরিস্থিতি তৈরি করে রাজনৈতিক সংকট সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরে জুমার নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময়কালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড় বাংলাদেশের। পার্বত্য অঞ্চল নিয়ে প্রতিবেশী কিছু দেশ বছরের পর বছর ষড়যন্ত্র করছে। পাহাড়ের কিছু সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিবেশী দেশগুলোতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আধুনিক অস্ত্রশস্ত্র তারা কোথায় পাচ্ছে? এ ধরনের কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সোচ্চার রয়েছে। তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় তৎপর রয়েছে।
এ ছাড়া বিরোধী দল ঘোষিত খুলনা বিভাগের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে রাশেদ খান আরও বলেন, জামায়াত-এনসিপি জোটের লংমার্চ এর আগেও সফল হয়নি। খুলনা বিভাগের লংমার্চও সফল হওয়ার সম্ভাবনা নেই।
তিনি বলেন, জামায়াতের সঙ্গে এখন আর ১১ দলীয় ঐক্যজোট নেই। দুটি দল বের হয়ে গেছে। সামনে আরও জামায়াতের শরিক দলগুলো বের হয়ে যাবে।
উল্লেখ্য, এ বক্তব্যের আগে শুক্রবার চুয়াডাঙ্গা মোড়ে অবস্থিত ঝিনাইদহ শহরের পাবলিক হেলথ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাশেদ খান।
