Published on
:
2 min read
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। রবিবার ইন্দোরে মাত্র ৩০ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই বাঁ হাতি ওপেনার। সঞ্জু স্যামসন (Sanju Samson) দ্রুত আউট হয়ে যাওয়ার পর ঈশান কিষানের (Ishan Kishan) সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০৮ রান যোগ করেন তিনি। ইনিংসে চার ও ছয়ের পাশাপাশি কভার ও পয়েন্ট এলাকায় বেশ কয়েকটি শট খেলেন অভিষেক। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে তিনি জানান, ওয়েস্ট ইন্ডিজ়ের বোলাররা তাঁকে আটকানোর জন্য যে পরিকল্পনা করেছিলেন, তার মোকাবিলা করতেই নিজের ব্যাটিংয়ে কিছু বদল এনেছিলেন।
ওয়েস্ট ইন্ডিজ়ের পরিকল্পনা বুঝেই পাল্টা কৌশল অভিষেকের
ভারতীয় দলে অভিষেকের পরিচিতি মূলত আক্রমণাত্মক ব্যাটার হিসেবে। ক্রিজে নেমেই বড় শট খেলার চেষ্টা করেন তিনি। তবে এই ম্যাচে শুধু ছক্কা নয়, চার মেরেও রান তোলার গতি ধরে রাখেন অভিষেক। কভার ও পয়েন্ট অঞ্চলে তাঁর শট খেলার পিছনে বিশেষ কোনও পরিকল্পনা ছিল কি না, জানতে চাওয়া হয়েছিল তাঁকে। জবাবে অভিষেক বলেন, ‘আমি বলব না যে এটা পুরোপুরি পরিকল্পনা করেই করেছি। তবে আমার মাথায় ছিল যে ওরা আমাকে আটকানোর জন্য একটা পরিকল্পনা করেছে।’
এর পর নিজের ব্যাটিংয়ের কৌশল ব্যাখ্যা করে তিনি বলেন, ‘প্রথম ওভারে একজন অফস্পিনার আমাকে বল করছিলেন। তাই লড়াইটা ছিল ওর সঙ্গে আমার। আগেও বলেছি, প্রথম ওভারে আমি ওকে সম্মান দিয়েছিলাম। কারণ, এই সিরিজ়ে ও খুব ভালো বল করছে। আমার পরিকল্পনাটাও ভালো কাজ করেছে। পাওয়ার প্লে-তে আমি শুধু কিছু রান নেওয়ার চেষ্টা করছিলাম। আমার জন্য ওদের আলাদা পরিকল্পনা ছিল, আর আমাকে তার চেয়ে ভালো ব্যাটিং করতে হত। আমি সেটাই করার চেষ্টা করেছি।’
ছক্কা নয়, বড় রান তোলাই আসল লক্ষ্য
চলতি সিরিজ়ে ছক্কা মারার হিসাবে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। এখনও পর্যন্ত ক্যারিবিয়ানরা ৪২টি ছক্কা মেরেছে, ভারতের ছক্কার সংখ্যা প্রায় ২৮। তবে চার মারার হিসাবে এগিয়ে রয়েছে ভারত। এই পরিসংখ্যানের কথা অভিষেককে জানানো হলে তিনি বলেন, ‘এই পরিসংখ্যানের কথা আপনিই আমাকে এখন জানালেন। আমি এটা জানতাম না।’ তবে শুধু ছক্কা মারাকেই ব্যাটিংয়ের সাফল্য বলে মনে করেন না অভিষেক। তাঁর মতে, বড় রান তোলার জন্য নির্দিষ্ট কোনও শটের উপর নির্ভর করার প্রয়োজন নেই। বরং যে কোনও ওভারে বেশি রান তুলে নেওয়াটাই আসল।
অভিষেক বলেনও, ‘আমার মনে হয়, শুধু ছক্কা মারাটাই আসল নয়। যখন সুযোগ পাওয়া যায়, তখন একটা ওভারে যত বেশি সম্ভব রান তোলাই গুরুত্বপূর্ণ। আপনি চার মারুন বা ছয়, সেটা বড় কথা নয়। আসল বিষয় হলো, সেই সুযোগ কাজে লাগিয়ে একটা বড় ওভার বের করে আনতে পারছেন কি না।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের পরিকল্পনা সব সময় এটাই থাকে। পাওয়ার প্লে-তে হোক বা প্রথম, দ্বিতীয় কিংবা অন্য কোনও ওভারে, আমরা মাঝেমধ্যে একটা বড় ওভার বের করে আনার চেষ্টা করি।’
অভিষেকের এই ইনিংস এবং ঈশান কিষাণের সঙ্গে তাঁর জুটি ভারতকে বড় রান তুলতে সাহায্য করে। শেষ পর্যন্ত ১৪ রানে ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজ়ে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত।