ছবির ক্যাপশন: .
অনলাইন ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে গোপন সামরিক হামলা চালিয়েছে সৌদি আরব। বিষয়টি সম্পর্কে অবগত দুইজন পশ্চিমা কর্মকর্তা এবং দুইজন ইরানি কর্মকর্তার বরাতে বুধবার এ তথ্য প্রকাশ করেছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের ভেতরে চালানো হামলার জবাব হিসেবেই ইরানের বিভিন্ন স্থানে একাধিক অপ্রকাশিত সামরিক অভিযান চালায় রিয়াদ। এর আগে সৌদি আরব সরাসরি ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে—এমন তথ্য প্রকাশ্যে আসেনি। ফলে ঘটনাটিকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে সৌদি আরবের আরও কঠোর ও আক্রমণাত্মক অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
দুই পশ্চিমা কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, গত মার্চের শেষ দিকে সৌদি বিমানবাহিনী এসব হামলা পরিচালনা করে। তাদের একজন জানান, সৌদি ভূখণ্ডে হওয়া হামলার পাল্টা জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়। তবে হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সরাসরি হামলার বিষয়টি স্বীকার বা অস্বীকার করেননি। অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে নিজেদের নিরাপত্তার জন্য মার্কিন সামরিক সুরক্ষার ওপর নির্ভর করে আসছে সৌদি আরব। তবে টানা ১০ সপ্তাহের যুদ্ধের মধ্যে সৌদি ভূখণ্ডে হামলার ঘটনা সেই নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা সামনে এনে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।