ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া বকুলতলা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ মো. রাজিব সিকদার (৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে এসআই রুম্মান, এএসআই জসিমসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দপদপিয়া বকুলতলা এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় বাসিন্দা মৃত আমির আলী সিকদারের ছেলে রাজিব সিকদারকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাঁকে উদ্ধার করা ইয়াবাসহ নলছিটি থানায় নেওয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
