প্রকাশিত: ১২:৪৪, ২১ অক্টোবর ২০২৬ আপডেট: ১২:৫১, ২১ অক্টোবর ২০২৬
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বুধবার সকালে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরেকটি চালান
সেনাবাহিনীর তত্ত্বাবধানে কড়া নিরাপত্তায় পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরেকটি চালান। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার পর ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর বিদ্যুৎকেন্দ্রটিতে প্রবেশ করে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, কেউ নাম প্রকাশ করতে রাজি হননি।
এর আগে, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর ৫টার দিকে রওনা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী গাড়ির বহর। সেনাবাহিনী ছাড়াও নিরাপত্তায় ছিল এসআরবি, পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুরো সড়কপথ জুড়েই ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এর আগে, মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো বিমান। এ সময় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি বুঝে নেন।
এ নিয়ে চালতি বছর ইউরেনিয়ামের তিনটি চালান রূপপুরে পৌঁছালো। এর মধ্যে গত ৩ ও ১১ অক্টোবর প্রথম ইউনিটের ইউরেনিয়ামের চালান রূপপুরে পৌঁছায়। আজ আসলো দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম।
