কালবেলা · খেলাধুলা
অধরা আইপিএলের খোঁজে আরও এক বিশ্বজয়ীকে নিয়োগ দিল্লির
১৮/১০/২০২৬

ধীরে ধীরে নিজের দল গুছিয়ে নিচ্ছেন সৌরভ গাঙ্গুলী। কিছুদিন আগেই ভারতের সাবেক অধিনায়ককে প্রধান কোচ হিসেবে ঘোষণা করেছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। তারপর কোচিং দলে যোগ দিয়েছেন যুবরাজ সিং। এবার অধরা ট্রফির খোঁজে সৌরভের দলে যোগ দিয়েছেন আরও এক বিশ্বকাপজয়ী ক্রিকেটার চামিন্দা ভাস। আর দিল্লিতে যোগ দেওয়ার পরই বিশ্বজয়ী ক্রিকেটার সাফ জানিয়ে দিলেন, ‘ইটস ডান ব্রো।’
আইপিএলে প্রথম মৌসুম থেকে খেললেও ট্রফিজয়ের স্বাদ পায়নি দিল্লি। ২০২০ সালে রানার্স হয়। গত দুইবার তো প্লেঅফেই জায়গা করে নিতে পারেনি। তাই এবার দলের আপাদমস্তক বদলাচ্ছে কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় ভারতের মাটিতে কোচ হিসেবে অভিযান শুরু করছেন সৌরভ। এবার সেখানে যোগ দিলেন চামিন্দা ভাস। ৫২ বছর বয়সী শ্রীলঙ্কান ক্রিকেটার প্রায় ১৫ বছর রাজত্ব করেছেন। শ্রীলঙ্কার ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ১১১ টেস্টে উইকেট সংখ্যা ৩৫৫। আর ৩২২ ওয়ানডেতে উইকেট ৪০০। ঘটনাচক্রে ওয়ানডেতে তার শেষ উইকেটটি ছিল যুবরাজ সিংয়ের। যিনি এখন ভাসের সঙ্গে কাজ করবেন।
আইপিএলে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত ডেকান চার্জার্সে খেলেছেন। আইপিএলও জেতেন। এবার ফিরে এলেন অন্য ভূমিকায়। অতীতে ভাস তিনবার শ্রীলঙ্কা ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় লেখা হয়, ‘বিশ্বকাপজয়ী এবং শ্রীলঙ্কার সর্বকালের সেরা। কোচ, টাইগার টেরিটরিতে আপনাকে স্বাগত জানাই।’ সেই ভিডিওতেই চামিন্দা বলেন, ‘ডিসি, ইটস ডান ব্রো। চলো গর্জন করা যাক।’
সোশ্যাল মিডিয়ায় ‘ইটস ডান ব্রো’ এখন ব্যাপক আলোচিত। মাসকয়েক আগে সোনম ওয়াংচুককে অনশন ভাঙার আর্জি জানাতে গিয়েও সালমান খান এই একই স্টাইলে লিখেছিলেন, ‘সোনম ইটস ডান ব্রো।’ তখন থেকেই নেট দুনিয়ায় এই ‘ডান ব্রো’ শব্দটি তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে।
মূল প্রতিবেদনে যান ↗