চট্টগ্রামের রাউজানে পুলিশি পাহারায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার গহিরায় নিজ বাড়ির উঠানে তাঁর জানাজা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে বক্স আলী চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেন।
রোটনের মরদেহ নিয়ে আসাকে কেন্দ্র করে রোববার গভীর রাত থেকেই গহিরা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয়রা জানান, রাত ২টার দিকে মরদেহবাহী গাড়িটি বক্স আলী চৌধুরী বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করেন।
দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন রোটন। শারীরিক অবস্থার অবনতি হলে মৃত্যুর ছয় দিন আগে তাঁকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। পরে বেনাপোল স্থলবন্দর দিয়ে তাঁর মরদেহ ঢাকায় আনা হয়। ঢাকায় জানাজার আয়োজন করা হলেও বাধার মুখে তা অনুষ্ঠিত হয়নি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, জানাজায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তিন প্লাটুন পুলিশ ও এক প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দাফন সম্পন্ন হয়েছে।
দাফন শেষ হওয়ার পরও এলাকায় পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
The post পুলিশি পাহারায় রাউজানে রোটনের জানাজা-দাফন appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
