একঘেয়ে খাবারের স্বাদ বদলাতে চাইলে রান্নায় আনা যেতে পারে ভিন্নতা। দেশি খাবারের পাশাপাশি দেশ-বিদেশের নানা পদ, নতুন স্বাদের সংমিশ্রণ কিংবা পরিচিত উপকরণে একটু ভিন্ন আয়োজন খাবারের টেবিলে যোগ করতে পারে নতুন মাত্রা। তাই সুস্বাদু ও মজাদার কিছু ভিন্ন ধারার পদ দিয়েছেন রাঁধুনি মাংসের সেরা রেসিপি-২০২৫-এর চ্যাম্পিয়ন, বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশনের সমন্বয়ক ও রুবাসমিক্সের প্রতিষ্ঠাতা শেফ রুবা হাসান
লঙ্কান বিফ উইথ কোকোনাট রাইস
লঙ্কান বিফ কারির জন্য উপকরণ
গরুর মাংস ৫০০ গ্রাম হাড় ছাড়া, পেঁয়াজ ১টি বড় (কুচি করা), রসুন ৫ কোয়া (কুচি করা), আদা ১ টেবিল চামচ বাটা, কাঁচা মরিচ ২টি, কারি পাতা ১ ডাঁটি, দারুচিনি ১ টুকরা, এলাচ ২টি, লবঙ্গ ১টি, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ ১/২ চা চামচ, রোস্টেড কারি পাউডার দেড় চা চামচ চা চামচ, নারকেলের দুধ ২০০ মিলি, লবণ ও তেল পরিমাণমতো।
প্রণালি
মাংসের সঙ্গে হলুদ, মরিচ, লবণ মেখে কিছুক্ষণ রাখুন। এরপর তেলে পেঁয়াজ, আদা, রসুন, কারি পাতা ও গোটা মসলা দিয়ে ভাজুন। মাংস ও রোস্টেড কারি পাউডার দিয়ে ভালোভাবে কষিয়ে অল্প পানি দিয়ে ঢেকে মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করুন। শেষে নারকেলের দুধ দিয়ে অল্প আঁচে রান্না করুন, যতক্ষণ না গ্রেভি ঘন হয়।
কোকোনাট রাইসের জন্য উপকরণ
চিনিগুঁড়া চাল ২ কাপ, নারকেলের দুধ ১ কাপ, পানি প্রয়োজনমতো, পেঁয়াজ ১-২টি দারুচিনি ১ টুকরা, এলাচ ২টি, তেজপাতা ১টি, লবণ, নারকেল তেল/ঘি ১ টেবিল চামচ
প্রণালি
তেলে পেঁয়াজ ও গোটা মসলা ভেজে চাল দিয়ে হালকা ভাজুন। এরপর নারকেলের দুধ, পানি ও লবণ দিয়ে ভাত রান্না করুন। এরপর গরম গরম পরিবেশন করুন।
ভার্মিসেলি কাস্টার্ড কাপ
উপকরণ
সেমাই ১/২ কাপ, দুধ ২ কাপ, কাস্টার্ড পাউডার ২ টেবিল চামচ, চিনি ৪ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী), কনডেন্সড মিল্ক ২ টেবিল চামচ, ঘি/বাটার ১ চা চামচ, ভ্যানিলা এসেন্স ১/২ চা চামচ, কাজু/কাঠবাদাম পেস্তা কুচি ২ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, বেবি সুইটস, পুদিনা পাতা গার্নিশ এর জন্য, স্ট্রবেরি।
প্রণালি
প্রথমে প্যানে ঘি বা বাটার দিয়ে ভার্মিসেলি হালকা সোনালি করে ভেজে নিন। তারপর ভার্মিসেলি সঙ্গে কনডেন্সড মিল্ক ও দুধ দিয়ে হালকা আঁচে ভালোভাবে ভেজে নিন। এরপর একটি কাপ বা মোল্ডের ভেতরে ভার্মিসেলি দিয়ে চারপাশে সুন্দরভাবে চাপ দিয়ে একটি কাপের আকৃতি তৈরি করুন। মোল্ডসহ এটি কিছুক্ষণ ফ্রিজারে রেখে দিন, যাতে ভার্মিসেলির কাপটি ভালোভাবে সেট হয়ে যায়।
বাকি ১ কাপ ঠাণ্ডা দুধের সঙ্গে কাস্টার্ড পাউডার ভালোভাবে মিশিয়ে নিন, যেন কোনো দলা না থাকে। এবার কাস্টার্ডের মিশ্রণ, চিনি ও কনডেন্সড মিল্ক সঙ্গে মিশিয়ে দিয়ে কম আঁচে ক্রমাগত নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন ও ক্রিমি হয়ে এলে ভ্যানিলা এসেন্স দিয়ে চুলা বন্ধ করুন।
ছোট ছোট কাপের মতো তৈরি করা মোল্ডগুলোর মধ্যে কাস্টার্ড মিশ্রণ ঢেলে ৩ ঘণ্টা ফ্রিজে রাখুন। ওপরে বাদাম, কিশমিশ, স্ট্রবেরি পেস্তা, বেবি সুইটস ও পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।
মাংসের পুরভরা পালংশাকের পাটিসাপটা
পাটিসাপটার জন্য উপকরণ
পালংশাক ১ কাপ, ময়দা ১ কাপ, চালের গুঁড়া ২ টেবিল চামচ, ডিম ১টি, দুধ ১ কাপ, লবণ স্বাদমতো, সামান্য পানি প্রয়োজনমতো, তেল সামান্য (ভাজার জন্য)।
মাংসের পুরের জন্য
গরুর ঝুরা মাংস ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১/২ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ১-২টি, গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, ধনে গুঁড়া ১/২ চা চামচ, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ।
গার্নিশের জন্য
পেঁয়াজ ১টি বড়, পিনাটস ২ টেবিল চামচ, হালকা ভাজা, সামান্য পালংশাকের পাতা সাজানোর জন্য।
প্রস্তুত প্রণালি
প্রথমে পালংশাক সামান্য গরম পানিতে ব্লাঞ্চ করে ঠাণ্ডা করে নিন। এরপর অল্প পানি দিয়ে ব্লেন্ড করে মসৃণ সবুজ পিউরি তৈরি করুন। একটি বাটিতে ময়দা, চালের গুঁড়া, ডিম, দুধ, লবণ ও পালংশাকের পিউরি দিয়ে মিশিয়ে পাতলা ও মসৃণ ব্যাটার তৈরি করুন। ১০-১৫ মিনিট রেস্ট দিন।
মাংসের পুরের জন্য প্যানে তেল দিয়ে পেঁয়াজ, আদা ও রসুন ভেজে নিন। এরপর ঝুরা মাংস, লবণ, জিরা, ধনে ও গোলমরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কাঁচা মরিচ দিয়ে মাংস সম্পূর্ণ সেদ্ধ ও শুকনো হওয়া পর্যন্ত রান্না করুন।
ননস্টিক প্যানে সামান্য তেল ব্রাশ করে পাতলা করে পালংশাকের ব্যাটার ছড়িয়ে দিন। দুই পাশ হালকা রান্না করে নরম সবুজ পাটিসাপটা তৈরি করুন। প্রতিটি পাটিসাপটার মাঝখানে মাংসের পুর দিয়ে সুন্দরভাবে রোল করে নিন। প্লেটে পাটিসাপটা সুন্দরভাবে সাজিয়ে পাশে ক্যারামেলাইজড পিয়াজ, হালকা ভাজা পিনাটস ও পালংশাক দিয়ে গার্নিশ করুন।
/এমটি
