অমিতাভ বচ্চনছবি: Facebook
Published on
:
1 min read
শরীরটা কিছুদিন ধরে একেবারেই ভালো যাচ্ছে না অমিতাভ বচ্চনের। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা নিজেই জানিয়েছেন সে কথা। দিনকয়েক একটু বিশ্রামের প্রয়োজন তাঁর। শরীরের কথা মাথায় রেখে পরামর্শ চিকিৎসকদের। তবে এই অসুস্থ অবস্থায়ও বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ে না তাঁর। শুক্রবার সকালে বাড়ি বোমায় উড়িয়ে দেওয়ার হুমকির পর থেকে উদ্বিগ্ন অভিনেতার অনুরাগীরাও।
মুম্বইয়ের মেয়রের কাছে হঠাৎই হুমকি মেল। বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে অমিতাভের। যা নিয়ে গোটা মুম্বইজুড়ে রীতিমতো চাঞ্চল্য। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। চারিদিকে যখন এই ঘটনায় উদ্বিগ্ন সকলে, তখন নিজের ব্লগে আচমকাই অভিনেতা লিখলেন, ‘আমার আরও বিশ্রামের প্রয়োজন। কী ভাবে শরীরের সঙ্গে মানিয়ে নেওয়া যায় সেটা ভাবছি। কতটা অদ্ভুত মানুষের শরীর, নানা রকমের ভাবনাচিন্তা আসছে।’
দিনকয়েক আগেই অনুরাগীদের সঙ্গে কিছুদিন যোগাযোগ বন্ধ রাখার কথা জানিয়েছিলেন অভিনেতা। এক্স-এ অনুরাগীদের উদ্দেশে অমিতাভ লিখেছিলেন, ‘আমায় ক্ষমা করবেন। বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে ওঠার জন্য কয়েক দিন বিরতি নিতে বলেছে। তাই আমি কিছু লিখতে পারছি না।’
আপাতত সোশ্যাল মিডিয়া থেকে যোগাযোগ কিছুটা সীমিত রাখতে বলা হয়েছে। তিনি সকলকে ব্যক্তিগত ভাবে শুভেচ্ছা জানাতে পারবেন না বলেও দুঃখপ্রকাশ করেছেন। অভিনেতার কথায়, ‘দশেরার শুভেচ্ছা সকলকে। আপাতত বিশ্রাম নিতে এবং সুস্থ হয়ে উঠতে বলা হয়েছে। তাই আমায় দয়া করে ক্ষমা করবেন আপনারা।’
