পুলিশ সুপার জানান, হারানো ল্যাপটপ উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করেছে। নাটোর থেকে লালমনিরহাট পর্যন্ত বিভিন্ন রেলস্টেশনে তল্লাশি চালানোর পাশাপাশি নানা কৌশলে ল্যাপটপটির অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। একপর্যায়ে কাপুড়িয়াপট্টি এলাকায় ল্যাপটপটির অবস্থান শনাক্ত হলে অভিযান চালিয়ে সেটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অন্তর কুমার সাহা তাদের জানিয়েছেন, গত বৃহস্পতিবার সকালে তাঁর বাবা অমল কুমার সাহা নওগাঁ যাওয়ার উদ্দেশ্যে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ট্রেনটি মাধনগর এলাকায় পৌঁছালে একটি বগির আসনের নিচে ব্যাগের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ল্যাপটপটি দেখতে পান তিনি। পরে ব্যাগটি নিয়ে নওগাঁয় শ্বশুরবাড়িতে যান অমল কুমার সাহা। বিষয়টি ছেলেকে জানানোর পর অন্তর ল্যাপটপটি নিয়ে নাটোরে ফিরে আসেন।
তবে ল্যাপটপ চুরির সঙ্গে অন্তর কুমার সাহা ও তাঁর বাবা অমল কুমার সাহা জড়িত নন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাঁদের সঙ্গে কথা বলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে আসা জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার উইবার বগুড়া থেকে লোকাল ট্রেনে সান্তাহার আসেন। পরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোর রেলস্টেশনে পৌঁছান তিনি। সেখান থেকে অন্য একটি ট্রেনে দর্শনা সীমান্ত হয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর।
নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের যাত্রী বিশ্রামাগারে অপেক্ষা করার সময় রেলের কর্মচারীর পোশাক পরা এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে ওই ব্যক্তির কাছে ল্যাপটপ ও ক্যামেরাসহ একটি ব্যাগ রেখে এটিএম বুথ থেকে টাকা তুলতে যান কিরিল। ফিরে এসে তিনি ব্যাগ ও ওই ব্যক্তিকে আর খুঁজে পাননি।
এ ঘটনায় বুধবার রাতে নাটোর সদর থানায় অভিযোগ করেন জার্মান পর্যটক। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং পরবর্তী সময়ে অভিযান চালিয়ে তাঁর হারানো ল্যাপটপটি উদ্ধার করে। তবে ব্যাগটি নিয়ে চলে যাওয়া ব্যক্তির পরিচয় এবং পর্যটকের হারানো ক্যামেরা উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
The post নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার appeared first on ভোরের চেতনা.
