সংবাদ বিজ্ঞপ্তি · ১৬ অক্টোবর, ২০২৬ ৫:৩১ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হৃদয় কুমার হরিজন হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের ফাঁসি এবং নিহতের পরিবারকে আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সমাবেশ করেছেন হরিজন ঐক্য কল্যাণ পরিষদের নেতাকর্মীরা।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সিলেট নগরের সিটি পয়েন্টে হরিজন ঐক্য কল্যাণ পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি সুজন বাশঁফোরের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া।
সমাবেশে বক্তব্য দেন নিহত হৃদয়ের ছোট বোন নূপুর বাশঁফোর ও স্ত্রী পিংকি বাশঁফোর। এ ছাড়া বক্তব্য দেন হরিজন ঐক্য কল্যাণ পরিষদ সিলেট জেলার সহসভাপতি জাফরু বাশঁফোর, সাধারণ সম্পাদক রাজু লাল, মহিলাবিষয়ক সম্পাদক সেহেলী রানী বাশঁফোর ও সন্দীপ বাশঁফোর।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক রমজান আলী পটু ও কোষাধ্যক্ষ আব্দুস সালাম।
বক্তারা বলেন, চার সন্তান নিয়ে হৃদয় কুমার হরিজনের পরিবার আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছিল। গত ১১ অক্টোবর রাত ৮টার দিকে স্ত্রীর ছবি তোলাকে কেন্দ্র করে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে তারা অভিযোগ করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন সংসারের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।
বক্তারা ইমন ও আমিনসহ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নিহতের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
গুগলে আমাদের খবর পেতে
