ছবির ক্যাপশন: .
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তা সংলগ্ন আমবাগিচা এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ শনিবার দুপুর ১টা ১২ মিনিটের দিকে কদমতলীর শিল্প এলাকায় অবস্থিত আমবাগিচা এলাকার একটি কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। বেলা ২:৩৫ এর দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কারখানার ভেতরে বিকট শব্দ শোনা যায়। এরপর মুহূর্তেই আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। কারখানায় থাকা দাহ্য পদার্থের কারণে আগুন আরও ভয়াবহ রূপ নেয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানায় গ্যাস লাইটার তৈরির কাঁচামাল ও দাহ্য উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে যাতে আগুন আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে না পড়ে।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—এসব বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
