চাঁপাইনবাবগঞ্জে ৩৬ বোতল বিদেশি মদসহ বেলি (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার বেলি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের বকরীপাড়া (বাখর আলী) গ্রামের বাসিন্দা। তিনি নাইমুরের স্ত্রী ও সাইফুলের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ২৫ মিনিটে উপপরিদর্শক (এসআই) ইমরান হোছাইনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল চরবাগডাঙ্গা ইউনিয়নের বকরীপাড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় বেলির বসতবাড়ির উত্তর দিকের দরজাবিশিষ্ট চারচালা টিনের ঘরে তল্লাশি চালানো হয়। পরে তাঁর দেখানো ও শনাক্ত করা স্থান থেকে ৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদ জব্দের পাশাপাশি বেলিকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার প্রত্যয় জানিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
