স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারে চাঞ্চল্যকর চা বিক্রেতা দুরুদ মিয়া হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই মামলায় ৭ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।সোমবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শামসাদ বেগম এই রায় প্রদান করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন ছাদিক মিয়া। খালাসপ্রাপ্তরা হলেন- তছকির মিয়া, সিরাজ মিয়া, নুরুল ইসলাম, ছাইফুর রহমান, আতাউর রহমান, শফিক মিয়া ও আছাব মিয়া।ঘটনার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১২ জুন সকালে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নারাইনপাশা এলাকার চা দোকানি দুরুদ মিয়া তার পাওনা ১,২৬৩ টাকা ছাদিক মিয়ার কাছে চান। এতে ছাদিক মিয়া ক্ষিপ্ত হয়ে চলে যান এবং কিছুক্ষণ পর দলবল নিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে দুরুদ মিয়াকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় ওইদিন রাত সাড়ে ১১টায় নিহতের ছেলে মকবুল মিয়া বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিয়ামুল হক জানান, দীর্ঘ শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ৩৬৮(১) ধারার বিধানমতে আসামি ছাদিক মিয়াকে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসির রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ৭ জনকে খালাস দেওয়া হয়।রায় ঘোষণার পর আদালত চত্বরে দণ্ডপ্রাপ্ত আসামির স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. বিল্লাল হোসেন।
