ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেনে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এ হামলায় চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। তবে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার অন্য সদস্যরা অক্ষত রয়েছেন।
আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনের বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পান। হামলার পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদ নামে পরিচিত ভবনটি দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদর দপ্তর হিসেবেও ব্যবহৃত হয়।
ইয়েমেন সরকারের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরয়ানি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, হুথি বিদ্রোহীরা এডেনে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সটি ইয়েমেনের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এডেন শহরে অবস্থিত। দেশটির রাজধানী সানা হলেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে।
দেশটির যুবমন্ত্রী নায়েফ সালেহ আল-বাকরি সংবাদমাধ্যমকে জানান, হামলায় ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। তবে মন্ত্রিসভার সব সদস্য নিরাপদে আছেন। হামলার পরও এডেন ছেড়ে না যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
এদিকে, ইরানপন্থি হুথি-সমর্থিত গণমাধ্যমের দাবি, এডেনের আল-মাশিক প্রাসাদে সৌদি কর্মকর্তাদের নেতৃত্বাধীন সামরিক অভিযানের সদর দপ্তর এবং অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, ইয়েমেনের সরকারি বাহিনী বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, হুথিরা দেশটির মধ্যাঞ্চলীয় শহর মারিবে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও তেলসমৃদ্ধ অঞ্চলটিতে চালানো এ হামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
