রাজধানী ঢাকায় অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে মোট ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের সমন্বিত অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও বিভাগ ৯৩ জন, মিরপুর বিভাগ ১৪৮ জন, লালবাগ বিভাগ ৬১ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, রমনা বিভাগ ৪৮ জন, গুলশান বিভাগ ৩৭ জন, মতিঝিল বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৩২ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) ৯ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ ১ জনকে গ্রেপ্তার করে।
অভিযান পরিচালনাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১১ হাজার ৭০১ পিস ইয়াবা, ২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ৪ হাজার ৬৩৬ টাকা, ১টি মোটরসাইকেল ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় পুলিশ একজন ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবেই এসব অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
