কুষ্টিয়ার কুমারখালীতে পূর্বশত্রুতার জেরে সাহেব আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় ১২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাদিরা সুলতানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে কুমারখালীর নন্দলালপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে সাহেব আলীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহতের ভাই ২৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ১২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া ১০ আসামিকে খালাস এবং অপর দুই আসামিকে দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়।
কুষ্টিয়া বারের অ্যাডভোকেট মো: হাফিজুল ইসলাম মুনীর বলেন, ‘আদালতের এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহত সাহেব আলীর পরিবারের সদস্যরা।’
