সিলেটের ৬৩৬টি পূজামণ্ডপে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ষষ্ঠীতে দশভুজা দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা
ষষ্ঠী তিথিতে আজ সকালে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা হয়। সায়ংকালে (সন্ধ্যায়) দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে মূল দুর্গোৎসব।
আরও পড়ুন
ইতোমধ্যে সিলেটের সমস্ত পূজামণ্ডপে প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। ১৭ অক্টোবর শনিবার মহাসপ্তমী, ১৮ অক্টোবর রবিবার মহাসপ্তমী, ১৯ অক্টোবর সোমবার মহাঅষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনের দুর্গোৎসব শেষ হবে। পঞ্জিকামতে এবছর দেবী দুর্গা ঘোড়ার পিঠে চড়ে স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসবেন। এবং দেবী বিদায় নেবেন নৌকায় চড়ে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা সূত্রে জানা গেছে, এবার সিলেট জেলা এবং সিলেট মহানগর মিলিয়ে সর্বমোট ৬৩৬টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজিত হবে। সিলেট মহানগর এলাকায় ১৬২টি এবং জেলার বিভিন্ন উপজেলায় ৪৭৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। মহানগরের মণ্ডপগুলোর মধ্যে ১৪৬টি সর্বজনীন ও ১৬টি পারিবারিক। সব মিলিয়ে সিলেট মহানগর এলাকায় সর্বমোট ১৬২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। অন্যদিকে, জেলা পর্যায়ে ৪৪৮টি সর্বজনীন ও ২৬টি পারিবারিক মণ্ডপে পূজা হবে। সিলেট জেলার সর্বমোট ৪৭৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা। দায়িত্বে থাকবেন ৭ শতাধিক পুলিশ সদস্য। এসএমপির তথ্য অনুযায়ী, চার স্তরের নিরাপত্তাব্যবস্থার মধ্যে রয়েছে সাদা পোশাকে পুলিশ মোতায়েন, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং ক্রাইসিস রেসপন্স টিমের (সিআরটি) তৎপরতা। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রতিটি পূজামণ্ডপ ও আশপাশের এলাকার গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। মেট্রোপলিটন এলাকায় ৫ শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি দায়িত্ব পালন করবেন ২ শতাধিক ট্রাফিক পুলিশ সদস্য।
এসএমপি উপকমিশনার মো. আফজাল হোসেন জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হচ্ছে। টহল ও গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি সিসিটিভির মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জের পূজামণ্ডপের নিরাপত্তায় ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগরীর কালিবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বিজিবির সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন। তিনি জানান, বিজিবি সিলেট সেক্টরের আওতাধীন দুই জেলায় মোট এক হাজার ৮০টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে থাকা ১০৯টিসহ মোট ১৫২টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বিজিবি।
নিরাপত্তা জোরদারে ড্রোন প্রযুক্তি ও কে-নাইন ডগ স্কোয়াড ব্যবহারের পাশাপাশি টহল ও অনলাইনেও নজরদারি বাড়ানো হবে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে জরুরি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি। এছাড়া অন্যান্য বাহিনীর সঙ্গেও সমন্বয় করে সব মণ্ডপে নিরাপত্তা বিধানে দায়িত্ব পালন করবে সংস্থাটি।
এ ব্যাপারে সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন খবরের কাগজকে বলেন, সিলেটবাসীর প্রত্যাশা প্রতি বছরের মতো এবারো দুর্গাপূজা সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। সেই লক্ষ্যে পূজা মণ্ডপগুলোতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হয়েছে। দুর্গাপূজা নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে যাতে অনুষ্ঠিত হয় সে জন্য বিভিন্ন সমন্বয় সভা করে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবার পূজার একসপ্তাহ আগে থেকেই মণ্ডপগুলোতে আনসার মোতায়েন করা হয়েছে।
অপরদিকে দুর্গাপূজায় নগরের ৮৫টি সর্বজনীন পূজামণ্ডপে পরিচ্ছন্নতা, বর্জ্য অপসারণ, পানি ও বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখতে বিশেষ প্রস্তুতি নিয়েছে সিসিক। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে টানা পাঁচ দিন দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করা এবং পূজার সার্বিক কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট মহানগর বিএনপির নেতারা ও ওয়ার্ড বিএনপির নেতাদের সমন্বয়ে শান্তি-শৃঙ্খলা তদারকি কমিটি গঠন করা হয়েছে। নগরের ৫২ টি ওয়ার্ডকে ৭টি ভাগে বিভক্ত করে ৭টি পৃথক তদারকি কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটি ৬ টি করে ওয়ার্ডের দায়িত্বে থাকবে। বুধবার এসব কমিটি করা হয়।
রিফাত/
