মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কাপ্তাইয়ের ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেপিএম কলাবাগান চিত্তবিনোদন ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি রহমত উল্লাহ। এ ছাড়া উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মামুন, উপজেলা যুবদলের সদস্যসচিব মোহাম্মদ ইব্রাহিম হাবিব মিলু, উপজেলা মহিলা দলের সভাপতি নুরনাহার এবং উপজেলা বিএনপির সহসভাপতি হারুনুর রশিদ রতন।
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৮০ থেকে ৯০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন পেতে সাত থেকে আটজন সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় এসেছে। তাঁদের প্রত্যেকেই চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। তবে সভায় কোনো একক প্রার্থীর নাম চূড়ান্ত করা সম্ভব হয়নি।
দলীয় সূত্রে আরও জানা যায়, সম্ভাব্য প্রার্থীদের মধ্য থেকে কয়েকজনের নামের তালিকা কাপ্তাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জেলা কমিটির কাছে পাঠাবেন। পরে জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী চেয়ারম্যান পদে দল-সমর্থিত প্রার্থী নির্বাচন করা হবে।
চূড়ান্ত প্রার্থী নির্ধারণে জেলা কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সম্ভাব্য প্রার্থীরা।
The post কাপ্তাইয়ে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির মতবিনিময় সভা appeared first on Ctgtimes.com.
