ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনেই মুখোমুখি হওয়ার কথা দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। কিন্তু এর মধ্যেই ছড়িয়ে পড়ে ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সংবাদমাধ্যমেও এমন খবর প্রকাশিত হয়। তবে ভারতকে নিয়ে ছড়িয়ে পড়া এই গুঞ্জন উড়িয়ে দিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাফ জানিয়েছে, ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেনি। এমনকি দল প্রত্যাহারের বিষয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) পক্ষ থেকে কোনো যোগাযোগও করা হয়নি।
বিজ্ঞপ্তিতে সাফ বলেছে, ‘টুর্নামেন্ট থেকে ভারতের সরে দাঁড়ানোর কোনো খবর আমাদের কাছে নেই। ফলে প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ বহাল রয়েছে।’
অর্থাৎ সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের ম্যাচ দিয়েই শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সাফ অভিযান। একই দিন স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের।
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। ছয় দলের এই প্রতিযোগিতার সব ম্যাচই হবে জাতীয় স্টেডিয়ামে।
এবার ‘এ’ গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে মালদ্বীপ।
দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। আগামী ১৪ নভেম্বর হবে দুটি সেমিফাইনাল। তিন দিন পর, ১৭ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ের।
