প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:১৭ পিএম
সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগানের কারণে স্পেন ফুটবল টিমকে ২০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা। স্পেনের পরবর্তী প্রীতি ম্যাচে স্টেডিয়ামের একটি অংশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংস্থাটি।
গত মার্চে মিসরের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতিমূলক ম্যাচে এ ঘটনা ঘটে। বার্সেলোনার কাছে লা লিগার ক্লাব এস্পানিওলের হোম ভেন্যু আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত গোলশূন্য ড্র হওয়া ম্যাচে স্পেনের কয়েকজন সমর্থক দুই দফায় ইসলামবিদ্বেষী স্লোগান দেন।
ম্যাচে সমর্থকদের ‘যে লাফাবে না, সে মুসলিম’এমন স্লোগান দিতে শোনা যায়। দ্বিতীয়বার একই স্লোগান দেওয়ার পর স্টেডিয়ামের ঘোষক সমর্থকদের সতর্ক করেন। এ সময় স্কোরবোর্ডে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে বার্তাও প্রদর্শন করা হয়।
ঘটনাটির নিন্দা জানান স্পেনের মুসলিম ফুটবলার লামিনে ইয়ামাল। তিনি এ ধরনের স্লোগানকে অসম্মানজনক ও অসহনীয় বলে উল্লেখ করেন। একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের ‘অজ্ঞ ও বর্ণবাদী’ বলে আখ্যায়িত করেন।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করে ফিফা। এক বিবৃতিতে শাস্তির বিষয়টি জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
ফিফার শাস্তিমূলক পদক্ষেপের বিষয়ে ভিন্ন যুক্তি তুলে ধরে আরএফইএফ। ফেডারেশনটির দাবি, ‘মুসলিম’ শব্দটি নিজে থেকে অপমানজনক বা অবমাননাকর নয়। তাদের মতে, সমর্থকদের আচরণ মূল্যায়নের ক্ষেত্রে ফিফার ১৫ নম্বর ধারার পরিবর্তে ১৭ নম্বর ধারা প্রয়োগ করা উচিত।
ফিফার ১৫ নম্বর ধারায় বৈষম্য ও বর্ণবাদী আচরণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে, ১৭ নম্বর ধারায় রাজনৈতিক, মতাদর্শিক, ধর্মীয় বা আপত্তিকর বার্তার বিষয়টি বিবেচনা করা হয়।
