ছিনতাইয়ের সতর্কবার্তা, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট জয়পুরে
ছিনতাইয়ের সতর্কবার্তার পর জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়েছে। উড়োজাহাজের সব যাত্রী ও ক্রু নিরাপদে রয়েছেন।
আন্তর্জাতিক ডেস্কভারতের বার্তা সংস্থা আইএএনএসের বরাতে এনডিটিভি জানিয়েছে, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের ‘এআই-২০৩০’ ফ্লাইটটি বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
নির্ধারিত গন্তব্য দিল্লি থেকে জয়পুরের দূরত্ব প্রায় ২৮০ কিলোমিটার।
বিমানবন্দর সূত্র জানায়, উড়োজাহাজ ছিনতাইয়ের মতো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ স্তরের যে নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হয়, বিমানবন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থা গ্রহণ করে। উড়োজাহাজটি অবতরণের পরপরই বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা সতর্কতার সঙ্গে ভেতরে প্রবেশ করে তল্লাশি শুরু করেন।
কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ফ্লাইটে থাকা সব যাত্রী ও ক্রু সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। পুরো উড়োজাহাজে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি শেষে নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পর সিঁড়ি এনে যাত্রীদের নিরাপদে নিচে নামানো হয়।
এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট যাত্রীদের বিনা খরচে পরবর্তী ফ্লাইটে টিকিট পুনর্নির্ধারণের সুবিধা দেওয়া হচ্ছে। এ ছাড়া কেউ যাত্রা বাতিল করতে চাইলে টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়া হবে।
বাংলাদেশ জার্নাল/এনএম
