যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ ঘটনায় সরকারের দ্রুত পদক্ষেপও চেয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমীর।
পোস্টে শফিকুর রহমান অভিযোগ করেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েও যুক্তরাষ্ট্রে তার অনুসারীদের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন। ড. ইউনূসকে লক্ষ্য করে তার অনুসারীদের করা কর্মকাণ্ডের দায়ও শেখ হাসিনার বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত আমীর আরও লেখেন, এ ঘটনায় সরকারের দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেয়া উচিত। তার ভাষ্য, দেশের বাইরে থেকেও এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের অবস্থান বিশ্ববাসীর সামনে তুলে ধরছেন।
পোস্টের শেষাংশে ‘শেইম’ (লজ্জা) শব্দটি ব্যবহার করে ঘটনার নিন্দা জানান শফিকুর রহমান।
এর আগে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে ‘টেররিস্ট’ ও ‘ট্রেইটর’ বলে মন্তব্য করার ঘটনার প্রতিবাদ জানান সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ ঘটনার সমালোচনা করেন এবং বিশ্বজুড়ে ইউনূসের অবদানের কথা তুলে ধরেন।
