রাশিয়ার কামচাটকা উপদ্বীপ অঞ্চলে আঘাত হেনেছে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।
ইএমএসসির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ১৪০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। রাশিয়ার দূরপ্রাচ্যের ভিলিউচিনস্ক শহরের প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল ভূমিকম্পটির কেন্দ্র।
বিজ্ঞাপন
ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই কম্পনের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই।
ভূমিকম্পে সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা ভূকম্পনপ্রবণ বলয় ‘রিং অব ফায়ার’-এর মধ্যে অবস্থিত কামচাটকা উপদ্বীপ। এ কারণে অঞ্চলটিতে প্রায়ই ভূমিকম্প হয়।
এর আগে গত বছরের জুলাইয়ে কামচাটকার উপকূলীয় এলাকায় ৮ দশমিক ৮ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির ঢেউ উপকূলীয় একটি গ্রামের অংশবিশেষ ভাসিয়ে নিয়ে যায়।
সূত্র: এনডিটিভি
আরএ
