প্রকাশিত: ২০:৩৫, ১২ অক্টোবর ২০২৬
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা
দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি পর্যবেক্ষণ এবং খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি) পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত কমিটির নতুন সভাপতি করা হয়েছে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতাকে।
রবিবার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত ১২ এপ্রিল গঠিত কমিটির সভাপতি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন কমিটি গঠনের পর আগের কমিটি বাতিল করা হয়েছে।
পুনর্গঠিত কমিটিতে অর্থ, শিল্প, বাণিজ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীকে সদস্য করা হয়েছে। পাশাপাশি খাদ্য প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের খাদ্যশস্য উৎপাদন, চাহিদা নিরূপণ, মজুত পরিস্থিতি ও সামগ্রিক খাদ্য ব্যবস্থাপনা নিয়মিত পর্যালোচনা করবে কমিটি। এসব বিষয়ে বিশ্লেষণের ভিত্তিতে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।
এছাড়া জনগণের জন্য পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে দিক-নির্দেশনা দেবে কমিটি। খাদ্য ও পুষ্টিনিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশও করবে তারা।
কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব। খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএমইউ) কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা যাবে।
