ঝালকাঠির রাজাপুরে বিকাশ ব্যবসায়ী মো. সুমন হোসেন মৃধাকে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮), বরিশাল। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১ লাখ ৯ হাজার ৫৫১ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (২১ অক্টোবর) সকালে এসআরবি-৮-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাথী আক্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া এলাকার মো. গণী শরীফের ছেলে মো. আফজাল হোসেন (৫০), মো. মনজুরুল আলম মুন্নার ছেলে মো. লিটন হাওলাদার (৩০), মৃত ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে মো. আবুল কালাম (৩৮), সদর ইউনিয়নের বারবাকপুর এলাকার মো. আবুল খায়ের মৃধার ছেলে মো. চান মিয়া (২৯) এবং মো. মজিবর হাওলাদারের ছেলে মো. মামুন হাওলাদার (২৪)। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে রাজাপুর উপজেলার বারাকপুর এলাকায় সুমন হোসেন মৃধার পথরোধ করেন দুর্বৃত্তরা। এ সময় রামদা ও রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে বিকাশের ৭ লাখ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান তাঁরা। এ ঘটনায় ১৮ অক্টোবর সুমন মৃধা বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করেন। গতকাল রাতে (২০ অক্টোবর) এসআরবি-৮-এর একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।
রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, ‘এসআরবির সহায়তায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুর ২টার দিকে তাঁদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
