সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে প্রবাসীদের জন্য বড় শিক্ষা হিসেবে দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশিরা বিশ্বের যে দেশেই বসবাস করুন না কেন, সেই দেশের আইন মেনে চলতে হবে। তবে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি আরবের কাছ থেকে বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি বলে জানিয়েছেন তিনি।
শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, ঘটনার বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।
বাংলাদেশ মিশনের শ্রম উইংয়ের মাধ্যমে পাওয়া তথ্যের বরাত দিয়ে শামা ওবায়েদ বলেন, মক্কার একটি মসজিদের ভেতরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগ ছিল ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে। সৌদি আইনে এটি গুরুতর অপরাধ। দেশটির আইন অনুযায়ী আদালত তাঁদের সাজা দিয়েছেন বলে জানা গেছে।
প্রতিমন্ত্রী আরও জানান, সৌদি কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর ঘটনার বিস্তারিত জানা যাবে। একই সঙ্গে দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে পরবর্তী পদক্ষেপও তখন নির্ধারণ করা হবে।
সৌদি প্রেস এজেন্সি গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ করে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, মক্কার একটি মসজিদে অনৈতিক ও অশালীন কাজে লিপ্ত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল।
এদিকে, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের একটি সূত্র জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি কনস্যুলেটের নজরে আসে। পরে ঘটনার বিস্তারিত জানতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়।
