অনলাইন ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালীন সময়ে নির্বাচনের দাবিতে কর্মসূচি ঘোষণা করা স্ববিরোধিতা। তবে তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক অধিকার অনুযায়ী যেকোনো দল কর্মসূচি দিতে পারে।
জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের দাবির মধ্যে জাতীয় সংসদের নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের কথা বলা হয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, এটি কখনো ঐকমত্য কমিশনের আলোচনার বিষয়বস্তু ছিল না। কোনো দল যদি তাদের রাজনৈতিক কৌশল হিসেবে এটি নিয়ে কর্মসূচি দিতে চায়, তা দিতে পারে। তবে অন্যদের ওপর একদলের আদর্শ বা দাবি চাপানো কতটা গ্রহণযোগ্য, তা জনগণ বিবেচনা করবে।
জাতীয় পার্টি ও ১৪ দলের শরিক দল নিষিদ্ধ করার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রশাসনিক আদেশে দল নিষিদ্ধ করা সমর্থনযোগ্য নয়। কোনো দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। ঢালাওভাবে নিষিদ্ধ করলে এর গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে।
তিনি আরও বলেন, আন্দোলন কাদের বিরুদ্ধে, তা দেখতে হবে—অন্তর্বর্তী সরকার, জাতীয় ঐকমত্য কমিশন, নাকি বিএনপি? যারা কর্মসূচি ঘোষণা করেছে, তাদের অধিকার আছে। যদি রাজনৈতিক কৌশল হিসেবে কর্মসূচি দেওয়া হয়, তার জবাব বিএনপি মাঠের বক্তৃতার মাধ্যমে দেবে।
