পাঠকের আস্থা ও ভালোবাসা নিয়ে ১০ বছরে পদার্পণ করেছে দৈনিক সংবাদ সারাবেলা। নবম প্রতিষ্ঠাবার্ষিকী পেরিয়ে দশম বছরে যাত্রা শুরু করেছে পত্রিকাটি। এ উপলক্ষে পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।
প্রতিষ্ঠার পর থেকে দৈনিক সংবাদ সারাবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং দেশ ও মানুষের কথা প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। মাঠপর্যায়ের সংবাদ থেকে শুরু করে জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ঘটনাবলি পাঠকের সামনে তুলে ধরতে পত্রিকাটির সাংবাদিকেরা নিরলসভাবে কাজ করছেন।
দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদক-প্রকাশক কাজী আবু জাফর বলেন, “পাঠকের আস্থা ও ভালোবাসাই আমাদের পথচলার প্রধান অনুপ্রেরণা। প্রতিষ্ঠার পর থেকে আমরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা করে আসছি। এই দীর্ঘ যাত্রায় সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, পাঠক ও শুভানুধ্যায়ীদের অবদান গুরুত্বপূর্ণ। সবার সহযোগিতা নিয়ে আগামীতেও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখতে চাই।”
পত্রিকার বার্তা সম্পাদক কামাল সিদ্দিকী (বাবু) বলেন, “সংবাদমাধ্যমের প্রধান শক্তি পাঠকের বিশ্বাস। সেই বিশ্বাস অটুট রাখতে সংবাদ যাচাই, নিরপেক্ষতা ও পেশাদারত্বের বিকল্প নেই। দৈনিক সংবাদ সারাবেলা আগামীতেও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনে কাজ করবে বলে আমরা আশাবাদী।”
মফস্বল সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, “মফস্বল সাংবাদিকেরা মাঠপর্যায়ে মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরেন। দৈনিক সংবাদ সারাবেলার মফস্বল বিভাগ সেই বাস্তব চিত্র পাঠকের সামনে তুলে ধরতে কাজ করছে। দশম বছরে পদার্পণের এই মুহূর্তে সব প্রতিনিধির প্রতি কৃতজ্ঞতা জানাই। পাঠকের আস্থা ধরে রেখে জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।”
দশম বছরে পদার্পণের এই শুভক্ষণে দৈনিক সংবাদ সারাবেলার অগ্রযাত্রা আরও গতিশীল হোক এমন প্রত্যাশা পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সবার। সত্য, ন্যায় ও জনমানুষের কথা তুলে ধরার প্রত্যয় নিয়ে আগামী দিনেও পত্রিকাটি এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা পাঠক ও শুভানুধ্যায়ীদের।