দীর্ঘদিন ধরে মুখিয়ে অনুরাগীরা। এখন ‘জেলর ২’ মুক্তি শুধুমাত্র সময়ের অপেক্ষা। ১৫ অক্টোবর মুক্তি পেতে চলেছে ছবিটি। নির্মাতারা একটি বিশেষ শোয়ের আয়োজন করেছিলেন। সেখানেই নানা বিষয় নিয়ে কথা বলেন রজনীকান্ত ও নেলসন। যেখানে ফেলে আসা দিনের কথা মনে করলেন অভিনেতা।
অভিনেতার বিনয়ী স্বভাব প্রসঙ্গে পরিচালক তাঁকে প্রশ্ন করেন, ‘সত্যি বলতে আমি অভিনয় করতে খুব ভালোবাসি। তার চেয়েও বেশি ভালো লাগত কন্ডাক্টরের কাজ করতে। আমি প্রায় পাঁচ বছর বাস কন্ডাক্টরের চাকরি করেছি। এখনও মনে পড়ে সেই সব দিনগুলোর কথা। আমি কখনও নিজেকে তারকা বলে ভাবতেই পারিনি।’
ছোটবেলায় রামকৃষ্ণ মঠে বেদশিক্ষা নিয়েছিলেন রজনীকান্ত। সেখান থেকেই আধ্যাত্মিকতার প্রতি ভালোবাসা জন্মেছিল অভিনেতার। পড়াশোনা শেষ হওয়ার পরেই জীবিকার প্রয়োজনে নানা ধরনের কাজ করেছেন রজনীকান্ত। কুলি থেকে বাস কন্ডাক্টর সব রকম কাজের অভিজ্ঞতাই আছে তাঁর।
অভিনেতা জানান, তিনি প্রায়ই বেঙ্গালুরু যান। সেখানকার কন্ডাক্টরদের সঙ্গে মেশেন। তাই নিজেকে বাস কন্ডাক্টর হিসেবেই দেখেন বলেও জানান রজনীকান্ত। কারণ, কন্ডাক্টরে জীবনটা তাঁর অনেকখানি প্রাপ্তির বলেও জানিয়েছেন অভিনেতা।
