কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে শ্যামলী এনআর পরিবহনের যাত্রীবাহী বাস ও সবজিবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা পিকআপের চালক ও সহকারী বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ তাঁদের পরিচয় শনাক্ত করেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় মোড়ে মনিরুজ্জামানের বাড়ির পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নিলা এলাকার আবুল কালামের ছেলে আব্দুল্লাহ (২৭) এবং চকরিয়া উপজেলার রামপুরা এলাকার মো. দুলালের ছেলে মো. ইয়াছিন (৩০)।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের তথ্য অনুযায়ী, চট্টগ্রামগামী শ্যামলী এনআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহতদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। দুর্ঘটনার পর বাস ও পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত উপপরিদর্শক মোহাম্মদ সেলিম মিয়া বলেন, বাস ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমএ
