Published on
:
2 min read
এই সময়: রাজ্য সরকারের পূর্বতন স্বাস্থ্যবিমা প্রকল্প ‘স্বাস্থ্য সাথী’র ক্ষেত্রে চরম গাফিলতি ও গুরুতর অনিয়মের মাশুল গুনতে হলো দেশের অন্যতম পরিচিত টিপিএ সংস্থা ‘মেডি অ্যাসিস্ট ইনসিওরেন্স টিপিএ প্রাইভেট লিমিটেড’-কে। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগ ‘আয়ুষ্মান ভারত’ এবং ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’-র অধীন ইমপ্লিমেন্টেশন সাপোর্ট এজেন্সি (আইএসএ) বাছাইয়ের উচ্চপর্যায়ের ই-টেন্ডার প্রক্রিয়া থেকে এই সংস্থাটিকে বাদ দিল স্টেট হেলথ এজেন্সি।
স্বাস্থ্য ভবন সূত্রের দাবি, আগে ইমপ্লিমেন্টেশন সাপোর্ট এজেন্সি হিসেবে দায়িত্ব পালনে মেডি অ্যাসিস্টের ভূমিকা সন্তোষজনক ছিল না। তাদের কাজকর্মের পদ্ধতিতে বেশ কিছু গুরুতর অনিয়ম স্বাস্থ্যকর্তাদের নজরে আসে। স্টেট হেলথ এজেন্সির পর্যবেক্ষণ, সরকারি প্রকল্পের গাইডলাইন ও নির্দেশিকা মেনে চলার ক্ষেত্রে একাধিক বার ব্যর্থ হয়েছে ওই সংস্থা। সরকারি স্বাস্থ্য পরিষেবার স্বচ্ছতা রক্ষা এবং উপভোক্তাদের স্বার্থ সুরক্ষিত রাখার ক্ষেত্রে কোনও শিথিলতা না দেখিয়ে সংস্থাটিকে তাই নতুন নিয়োগ প্রক্রিয়ার দৌড় থেকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন।
সম্প্রতি আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নতুন এজেন্সি নিয়োগের জন্যে মোট ৮টি দরপত্র জমা পড়েছিল। গত ৯ অক্টোবর দরপত্র–দাতাদের উপস্থিতিতে টেকনিক্যাল বিড খোলা হয়। যাচাইকরণ ও মূল্যায়ন পর্বে মেডি অ্যাসিস্টকে প্রশাসনিক কারণে বাতিল করার পাশাপাশি প্রয়োজনীয় ন্যূনতম কাট-অফ নম্বর না পাওয়ায় ‘ভোলো হেলথ ইনসিওরেন্স টিপিএ প্রাইভেট লিমিটেড’ নামের আরও একটি সংস্থাও বাদ পড়ে। ফলে ৮টির মধ্যে এই দু’টি সংস্থাকে বাদ দিয়ে বাকি ছ’টি সংস্থাকে চূড়ান্ত ফিনান্সিয়াল বিড পর্বের জন্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।
আর্থিক বিডের দৌড়ে রইল হেলথ অ্যাসিস্ট ইনসিওরেন্স টিপিএ, হেলথ ইন্ডিয়া ইনসিওরেন্স টিপিএ, হেরিটেজ হেলথ ইনসিওরেন্স টিপিএ, এমডি ইন্ডিয়া হেলথ ইনসিওরেন্স টিপিএ, মেডসেভ হেলথ ইনসিওরেন্স টিপিএ এবং ভিডাল হেলথ ইনসিওরেন্স টিপিএ। স্বাস্থ্যভবনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম প্রেস বিবৃতিতে জানিয়েছে, টিপিএ কর্মীদের কমিশন আদায় ও অনৈতিক দাবি নিয়ে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল। আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে মেডি অ্যাসিস্টকে বাদ দেওয়ার সিদ্ধান্ত স্বাস্থ্য পরিষেবায় দুর্নীতি ও অসাধু কার্যকলাপের বিরুদ্ধে স্পষ্ট ও কঠোর বার্তা দেবে।

