‘৫ আগস্টের গণ-অভ্যুত্থান ১৫ বছরের গণতান্ত্রিক সংগ্রামের ফসল’
ছাত্র-জনতার ৫ আগস্টের গণ-অভ্যুত্থান কেবল একদিনের ফসল নয়, বরং এটি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা অবিরাম গণতান্ত্রিক সংগ্রামের চূড়ান্ত পরিণতি বলে মন্তব্য করেছেন.....
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদকছাত্র-জনতার ৫ আগস্টের গণ-অভ্যুত্থান কেবল একদিনের ফসল নয়, বরং এটি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা অবিরাম গণতান্ত্রিক সংগ্রামের চূড়ান্ত পরিণতি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ আলাপ-আলোচনার মধ্য দিয়ে যে ‘জুলাই জাতীয় সনদ’ প্রণীত হয়েছে, তা জাতীয় জীবনের ভবিষ্যৎ দিকনির্দেশনা দেয়। রক্তাক্ত এই গণ-অভ্যুত্থানের ইতিহাস জাতীয় জীবনে চিরজাগরূক থেকে অনুপ্রেরণা জোগাবে উল্লেখ করে তিনি বলেন, শুধু বাৎসরিক আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে সাহিত্য, নাটক ও সাংস্কৃতিক নানা আয়োজনে জুলাইয়ের এই চেতনাকে প্রতিফলিত করতে হবে। তার মতে, যত দিন পর্যন্ত শহীদের রক্তের অঙ্গীকার এবং জনজীবনের প্রত্যাশা পূরণ না হবে, তত দিন পর্যন্ত শহীদদের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হবে না।
জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন ও সংস্কার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এই প্রক্রিয়ার কিছু অংশ সাংবিধানিক এবং কিছু অংশ আইনবিষয়ক, যা বর্তমানে চলমান রয়েছে। সরকার এমন একটি সাংবিধানিক প্রক্রিয়া আনতে চায়, যাকে অনেকেই ‘সংস্কার’ বলতে পারেন। এ ক্ষেত্রে বিরোধী দলের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, বিরোধী দল হিসেবে তারা এই সংশোধন বা সংস্কার প্রক্রিয়ায় এখন পর্যন্ত কোনো সহযোগিতা করছে না।
জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে আগামী প্রজন্মের উপযোগী ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সেই লক্ষ্য অর্জনেই প্রধানমন্ত্রী তারেক রহমান সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করেছেন এবং সরকার তা বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। শহীদদের সমস্ত আকাঙ্ক্ষা এই ভবিষ্যৎ পরিকল্পনারই অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ জার্নাল/ওএফ