Published on
:
1 min read
আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন হাওড়া ফেরিঘাট কর্মীরা। বোনাস ও বকেয়া বেতন না পেলে তাঁরা ফেরি পরিষেবা বন্ধ রাখবেন বলে আগেই জানিয়েছিলেন তাঁরা। সেই মতো বুধবার থেকে অনির্দিষ্ট কালের জন্য পরিষেবা বন্ধ করে দিলেন তাঁরা। পুজোর মুখে ফেরি পরিষেবা বন্ধ হওয়ায় চরম সমস্যায় পড়েন যাত্রীরা।
হুগলি নদীতে ফেরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের অভিযোগ, তাঁদের দাবিতে কর্ণপাত করেনি প্রশাসন। সেই কারণেই বাধ্য হয়ে এই কাজ করেছেন তাঁরা। বুধবার দুপুর থেকে দেখা যায়, গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বহু নিত্যযাত্রীকে। ঢোকার মুখে রয়েছে কোলাপসিবল গেট। সেটা বন্ধ করে দেওয়া হয়। বাইরে লঞ্চের জন্য অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। বার বার গেট খুলতে বলছিলেন যাত্রীরা। এক সময়ে ফেরিঘাটের কর্মীদের সঙ্গে যাত্রীদের বচসা হতে দেখা গিয়েছে।
কয়েকজন যাত্রীকে বার বার অনুরোধ করতে দেখা যায় লঞ্চ চালানোর জন্য, কিন্তু তারপরেও চলেনি লঞ্চ। এক যাত্রী বলদেব হাজরা বলেন, ‘খুব অসুবিধা হয়েছে। হঠাৎ করে বন্ধ করে দিল। কী কারণে বন্ধ করল, সেটাও কিছু বলছে না।’ আর এক যাত্রী জয়ন্তী সিং বলেন, ‘প্রথমে জিজ্ঞেস করলাম কটায় লঞ্চ। বলল ২টোর সময়। তারপরে টিকিট কাউন্টারে গেলাম, ওখানে বলল খুচরো দিতে। সেই খুচরো করে এলাম। তারপরে এসে দেখি কাউন্টার বন্ধ, বলছে লঞ্চ চলবে না। এখন বাচ্চা নিয়ে কী ভাবে যাবে আহিরীটোলা?’
হাওড়া থেকে গোলাবাড়ি, শোভাবাজার, বাগবাজার, চাঁদপাল, আর্মেনিয়া, প্রিন্সেপ ঘাট রুটে নিয়মিত ফেরি চলে, সেখানেই পরিষেবা বন্ধ হওয়ায় ভোগান্তিতে যাত্রীরা। দ্রুত সমস্যার সমাধান করে ফেরি পরিষেবা চালু করার দাবি জানিয়েছেন তাঁরা।