রাজধানীর ওয়ারী এলাকায় দুটি বাসের বেপরোয়া প্রতিযোগিতায় চাপা পড়ে রিনা রানী ঘোষ (৪০) নামের এক পথচারী নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে ওয়ারী থানাধীন টিকাটুলি ফুট ওভারব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে প্রণয় ঘোষের ভাষ্য অনুযায়ী, দুপুরে টিকাটুলি ফুট ওভারব্রিজের নিচে রাস্তা পার হচ্ছিলেন তার মা রিনা রানী। এ সময় 'দোয়েল পরিবহন' ও 'বন্ধন পরিবহন'-এর দুটি বাস একে অপরকে ওভারটেক করার প্রতিযোগিতায় লিপ্ত হয়। এ সময় দোয়েল পরিবহনের বাসটি অপর বাসটিকে ওভারটেক করার সময় তার মাকে চাপা দেয়। এতে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেলের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।
প্রণয় ঘোষ আরও জানান, তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে। বর্তমানে দুই ছেলে ও স্বামীকে নিয়ে সপরিবারে ওয়ারীর কে এম দাস লেন এলাকায় বসবাস করতেন। তার বাবা বিশ্বজিত ঠাটারী বাজারে মাছ কাটার কাজ করেন এবং তার মা মানুষের বাসায় কাজ করতেন। তার ছোট ভাই পিথু ঘোষ নবাবপুরের একটি স্কুলে পড়াশোনা করে। তাকে স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, ঘটনার পরপরই দ্রুত পদক্ষেপ নিয়ে দোয়েল পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে।
