চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান চালিয়ে চারজন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। এ সময় সাড়ে ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৩ কেজি ইলিশ মাছ এবং মাছ ধরার একটি নৌকা জব্দ করা হয়।
বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেঘনা নদীর মোহাম্মদপুর, বোরচর, বাহাদুরপুর, কালিরচর ও এখলাসপুর এলাকার অভয়াশ্রমে এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।
সন্ধ্যায় অভিযানের তথ্য নিশ্চিত করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্ব ও সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। এতে সার্বিক সহায়তা প্রদান করেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
আটককৃত জেলেদের মধ্যে মো. মহিন (২২) ও আসিফ হোসেনের (১৯) বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপর দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, অভিযানে উদ্ধারকৃত জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং ইলিশ মাছগুলো স্থানীয় দুস্থ ও এতিমদের মধ্যে বিতরণ করা হয়। তিনি আরও জানান, মা ইলিশের প্রজনন মৌসুম নির্বিঘ্ন রাখা এবং নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার সম্পূর্ণ বন্ধে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।
জেএইচআর
