চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণা ও গুজব ছড়ানো ঠেকাতে ২৪ ঘণ্টা নজরদারি জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ লক্ষ্যে গঠন করা হয়েছে বিশেষ সাইবার মনিটরিং সেল। পাশাপাশি জেলার ১৬৪টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকার চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুররানী মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব তথ্য জানান এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি তরিকুল ইসলাম।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এএসপি তরিকুল ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে গঠিত সাইবার মনিটরিং সেলে এসআরবির দুজন সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ উসকানিমূলক পোস্ট দিলে কিংবা গুজব ছড়ানোর চেষ্টা করলে তা শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তবে এখন পর্যন্ত এসআরবির বিশেষ এই সেল সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো গুজব বা উসকানিমূলক পোস্টের সন্ধান পায়নি।
এএসপি তরিকুল ইসলাম আরও জানান, শুধু চাঁপাইনবাবগঞ্জ নয়, রাজশাহীতে এসআরবি-৫-এর সদর দপ্তরেও সাইবার মনিটরিং সেল সক্রিয়ভাবে কাজ করছে। দুর্গাপূজাকে ঘিরে অনলাইনে অপপ্রচার, গুজব ও উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৬৪টি পূজামণ্ডপে নিরাপত্তা দিচ্ছেন র্যাব সদস্যরা। নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এসআরবি-৫।
