নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যা মামলার অন্যতম প্রধান সন্দেহভাজন অপূর্বকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) সকালে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে দুর্গাপুর বাজারের পুরোনো সিনেমা হলের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি অপূর্ব (২২) দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে।
পুলিশ জানায়, এর আগে নেত্রকোনায় এক পুলিশ সদস্য হত্যা মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিল অপূর্ব। আলিফকে হত্যার উদ্দেশ্যে হামলাকারীরা তার চেহারার সঙ্গে মিল থাকায় ভুলবশত এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছিল।
পুলিশ আরও জানায়, তালিকাভুক্ত আসামি হওয়ায় অপূর্ব আত্মগোপনে ছিল। শনিবার রাতে তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে সরাসরি ৫ থেকে ৬ জন জড়িত থাকতে পারে। এ ছাড়া হত্যাকাণ্ডের পেছনে অর্থদাতা ও মদদদাতাসহ আরও একটি বড় চক্রের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অপূর্বকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে শ্বশুরবাড়ির কাছের একটি দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ। তিনি সাবেক সেনাসদস্য এবং ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজ চালাতেন। তার শরীরে ছয়টি গুলির ক্ষত পাওয়া যায়।
এ ঘটনায় আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৭ থেকে ৮ জনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বিত দল মামলাটির তদন্ত করছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
