সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে প্রার্থী হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৬৭ জন নারী নেত্রী। তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় পর্যায়ের নেত্রী এবং জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের সংগঠকেরা রয়েছেন। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা এসব ফরম সংগ্রহ করেন।
দলীয় সূত্র জানায়, মনোনয়নপ্রত্যাশীদের অনেকেই বিগত আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা, মামলা ও নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরে দলীয় মূল্যায়নের প্রত্যাশা করছেন। কেউ সংসদে গিয়ে নিজ এলাকার উন্নয়নে কাজ করতে চান, আবার কেউ দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে মনোনয়ন পেতে আগ্রহী। তবে আসনটি একটি হওয়ায় শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পাবেন একজনই।
বিএনপির নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হয়। ফরম পূরণ করে শনিবার একই সময়ে নয়াপল্টন কার্যালয়ে জমা দিতে হবে। দলীয় মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচন কমিশনে প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
দলীয় সূত্রে জানা গেছে, শূন্য আসনটিতে মনোনয়ন পাওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম আগে আলোচনায় এসেছিল, তাদের অনেকেই ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপির সহমানবাধিকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার সানু ও আয়শা সিদ্দিকা মনি।
এ ছাড়া মনোনয়ন ফরম নিয়েছেন মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহিনুর বেগম, মহিলা দলের কেন্দ্রীয় মানব উন্নয়নবিষয়ক সম্পাদক খন্দকার ফারহানা আতিকা, বরিশাল মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম, চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ হক, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লা এবং দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা হীরা।
মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন প্রবীণ নারী নেত্রী জেলী চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে তার নাম আলোচনায় এসেছিল। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা ও সিমকী ইমাম খানও ফরম সংগ্রহ করেছেন। এ ছাড়া রয়েছেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাবেক প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার, আগের নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় থাকা সৈয়দা আদিবা হোসেন এবং ইডেন মহিলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেহানা আক্তার শিরিনসহ অনেকে।
মনোনয়নপ্রত্যাশীদের অনেকেই এর আগে সংরক্ষিত নারী আসনে দলের মনোনয়ন চেয়েও পাননি। তাদের কেউ কেউ সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যও দলীয় মনোনয়ন চেয়েছিলেন। মিষ্টির পদত্যাগে আসনটি শূন্য হওয়ায় নতুন করে সুযোগ তৈরি হয়েছে। ছাত্রদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীরাও এবার মনোনয়ন দৌড়ে রয়েছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লা বলেন, শেখ হাসিনার পতনের আন্দোলনে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে ২২টি মামলা হয়েছিল। ২০২৩ সালের ২৮ অক্টোবরের আন্দোলনে তার মাথায় গুলি লাগে। ঢাকা উত্তরের বিভিন্ন এলাকায় তার সাংগঠনিক পরিচিতি রয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, দল এবার তাঁকে মূল্যায়ন করবে।
গত ২৪ সেপ্টেম্বর মিরপুরের রাড্ডা মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। তার পদত্যাগের দিনই সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আসনটিতে উপনির্বাচন হবে আগামী ১২ নভেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর, বাছাই ২৭ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর।
আসনটি বিএনপির জন্য বরাদ্দ থাকায় দলটির মনোনীত প্রার্থীই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একক প্রার্থী থাকলে তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। ফলে ৬৭ জন মনোনয়নপ্রত্যাশীর মধ্য থেকে কাকে বেছে নেয় বিএনপি, তা নিয়েই এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
