ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে জিততেই ভুলে গিয়েছিল বাংলাদেশ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ—এই তিন দলের কাছে শুধু বাংলাদেশ হারেইনি, নেট রানরেটেও অনেকটা পিছিয়ে পড়েছিল। অবশেষে গতকাল টুর্নামেন্টে প্রথম জয় পেল মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ। ৩ রানের রুদ্ধশ্বাস জয় এসেছে ভারতের বিপক্ষে।
শারজায় গতকাল বাংলাদেশ-ভারত ম্যাচ যতই শেষের দিকে এগিয়েছে, ততই রোমাঞ্চ ছড়িয়েছে। শেষ ওভারে ১২ রানের সমীকরণের সামনে এসে পড়ে ভারত। হাতে তখন ২ উইকেট। আবু জায়েদ রাহি ডেথ ওভারের পরীক্ষায় দারুণভাবে উত্তীর্ণ হয়েছেন। একটা ওয়াইড দিলেও সব মিলিয়ে ৮ রান খরচ করেছেন। টানা তিন ম্যাচ হারের পর বাংলাদেশ অবশেষে পায় জয়ের দেখা।
