পাঁচ দশকের অমরযাত্রায় ব্যান্ড ফিডব্যাক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পিএম
ব্যান্ড ফিডব্যাকের বর্তমান সদস্যরা ছবি: সৌজন্যে
-->সময়ের সঙ্গে বদলেছে গানের ভাষা, বদলেছে প্রজন্ম। ব্যান্ডসংগীতের মঞ্চে এসেছে নতুন মুখ, নতুন ধারা। কেউ দল ছেড়েছেন, আবার কেউ যোগ দিয়েছেন নতুন স্বপ্ন নিয়ে। এভাবেই পাঁচ দশকের সংগীতযাত্রা পেরিয়েছে জনপ্রিয় ব্যান্ডদল ‘ফিডব্যাক’।
বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাসে দলটির নাম জড়িয়ে আছে একাধিক প্রজন্মের স্মৃতি, জনপ্রিয় গান আর মঞ্চের গল্পের সঙ্গে। সত্তরের দশকে ফিডব্যাকের যাত্রা শুরু। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এই ব্যান্ডের শুরুতে নাম ছিল ‘ফিডব্যাক টুয়েন্টিথ সেঞ্চুরি’। প্রথম দিকের সদস্যদের মধ্যে ছিলেন এরশাদ মঈনুদ্দিন পলি, মুরাদ রহমান, সেলিম হায়দার, কিংসলে রিক্টার, স্যান্ড্রা হফ, জাকিউর রহমান ও ফোয়াদ নাসের বাবু। হাফিজুর রহমান খোকা ছিলেন ব্যবস্থাপনায়।
শুরুর দিকে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইংরেজি পপসংগীত পরিবেশন করত ফিডব্যাক। ১৯৭৯ সালের ২৫ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে প্রথম পাবলিক কনসার্টে অংশ নেয়। আশির দশকে বাংলা গানে মনোযোগ বাড়ে। ১৯৮১ সালে বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠানের জন্য ‘এই দিন চিরদিন’ গানটি রেকর্ড করে তারা।
১৯৮৫ সালে প্রকাশিত হয় প্রথম অ্যালবাম ‘ফিডব্যাক’। এরপর আসে ‘উল্লাস’, ‘মেলা’ ও ‘জোয়ার’। ‘মেলা’ অ্যালবামের ‘মেলায় যাই রে’ গানটি বাংলা নববর্ষের সঙ্গে জড়িয়ে আছে। পরে প্রকাশিত হয় ‘বঙ্গাব্দ ১৪০০’, ‘দেহঘড়ি’, ‘বাউলিয়ানা’, ‘আনন্দ’, ‘এই শতাব্দী ফিডব্যাক’ ও ‘শূন্য-২’। ২০১৫ সালে আসে ‘এখন’ অ্যালবাম।
ফিডব্যাকের ইতিহাসে মাকসুদুল হক গুরুত্বপূর্ণ নাম। লিড ভোকাল হিসেবে পরিচিতি গড়ে তুলতে ভূমিকা রাখেন তিনি। ১৯৯৬ সালে ব্যান্ড ছাড়েন মাকসুদ। পরে গড়ে তোলেন ‘মাকসুদ ও ঢাকা’। বিভিন্ন সময়ে ফিডব্যাকে যুক্ত হয়েছেন পিয়ারু খান, এ জেড খান রোমেল, ওমর খালেদ রুমি, মুসা রহমান ও অন্য সংগীতশিল্পীরা।
বর্তমানে ব্যান্ডটির সদস্য ফোয়াদ নাসের বাবু (কি-বোর্ড), লাবু রহমান (গিটার), ইনাম এলাহী টন্টি (ড্রামস ও পারকাশন), রায়হান আল হাসান (ভোকালিস্ট) ও মোহাম্মদ দানেশ (বেস), রিয়াল (ভোকালিস্ট)।
প্রাপ্তির তালিকায় অগণিত শ্রোতার ভালোবাসা ছাড়াও দলটির রয়েছে দুটি উল্লেখযোগ্য স্বীকৃতি। ১৯৯৫ সালে ‘যায় যায় দিন’ বেস্ট ব্যান্ড পুরস্কার পায় ফিডব্যাক। ২০১৭ সালে অর্জন করে আরটিভি বেস্ট ব্যান্ড অ্যাওয়ার্ড ২০১৬।
আরও পড়ুন
গিটারিস্ট রাসেল খান আর নেই
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পিএম
ছবি: সংগৃহীত
-->গিটারিস্ট রাসেল খান আর নেই। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিন দশকেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনে কাজ করা এই শিল্পী।। এর আগে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন রাসেল।
দীর্ঘ সংগীতজীবনে দেশের প্রথম সারির অনেক শিল্পীর সঙ্গে গিটার বাজিয়েছেন তিনি। গিটারের পাশাপাশি মাঝেমধ্যে গানও গাইতেন। গত ১৩ অক্টোবর মানিকগঞ্জের একটি অনুষ্ঠানে গিটার বাজিয়েছিলেন রাসেল। সেটিই ছিল তার শেষ মঞ্চ পরিবেশনা।
তার মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে স্মরণ করে শোক প্রকাশ করছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় বনানীতে বড় বোনের বাসার পাশের মসজিদে রাসেলের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নেওয়া হয় বিক্রমপুরে গ্রামের বাড়িতে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন রাসেল খান।
আরও পড়ুন
আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন টম ক্রুজ
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পিএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম
ছবি: সংগৃহীত
-->হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ পাচ্ছেন আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (এএফআই) আজীবন সম্মাননা। গত বুধবার (২১ অক্টোবর) এ ঘোষণা দেয় সংস্থাটির পরিচালনা পর্ষদ। আগামী বছরের ২৪ এপ্রিল লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। খবর রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের।
এএফআইয়ের ৫২তম লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন ৬৪ বছর বয়সী এই অভিনেতা। চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদান এবং অভিনয় ও প্রযোজনায় বিশেষ ভূমিকার জন্য তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।
চার দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে কাজ করছেন টম ক্রুজ। ‘টপ গান’, ‘মিশন: ইম্পসিবল’, ‘জেরি ম্যাগুয়ার’ ও ‘আ ফিউ গুড মেন’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের জন্য তিনবার অস্কার মনোনয়নও পেয়েছেন। গত বছর সম্মানসূচক অস্কার পান এই তারকা।
এএফআইয়ের চেয়ারম্যান ক্যাথলিন কেনেডি বলেন, ‘চলচ্চিত্রের প্রতি ক্রুজের গভীর ভালোবাসা ও নিষ্ঠা তাকে বিশ্বজুড়ে মার্কিন চলচ্চিত্রের অন্যতম প্রতিনিধি করে তুলেছে।’
আরও পড়ুন
চেহারা বদলের ভয়ংকর গল্প নিয়ে আসছে ‘ক্লেফেইস’
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পিএম
ছবি: সংগৃহীত
-->
ডিসি কমিকসের ভিলেন ক্লেফেইসকে নিয়ে নির্মিত হরর সিনেমা ‘ক্লেফেইস’ মুক্তি পাচ্ছে ২৩ অক্টোবর। আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে সিনেমাটি।
সিনেমাটি পরিচালনা করেছেন জেমস ওয়াটকিন্স। এতে অভিনয় করেছেন টম রিস হ্যারিস, নাওমি অ্যাকি, ম্যাক্স মিঙ্গেলা, ডেভিড ডেনসিক, এডি মারসন প্রমুখ।
সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছেন ম্যাট হ্যাগেন। গোথাম শহরের উচ্চাকাঙ্ক্ষী এই অভিনেতা একসময় জনপ্রিয় তারকা হয়ে ওঠেন। কিন্তু এক অপরাধী চক্রের প্রধানের কারণে তাঁর মুখ ভয়াবহভাবে বিকৃত হয়ে যায়। এতে তার অভিনয়জীবন ও ব্যক্তিগত জীবনে নেমে আসে বিপর্যয়।
একসময় কাছের মানুষ ও সহযোগীরাও তাকে ছেড়ে চলে যায়। আগের চেহারা ফিরে পেতে ম্যাট একটি আধুনিক চিকিৎসাপদ্ধতির আশ্রয় নেন। চিকিৎসায় তার চেহারা ফিরে এলেও দেখা দেয় ভয়ংকর পার্শ্বপ্রতিক্রিয়া। তার শরীর ও মনে অস্বাভাবিক পরিবর্তন শুরু হয়। ধীরে ধীরে নিজের পরিচয় ও মানবিকতা হারাতে থাকেন তিনি। একসময় প্রতিশোধের নেশা তাকে ভয়ংকর পরিণতির দিকে ঠেলে দেয়।
ব্যাটম্যানের জগতে ক্লেফেইসের বিশেষ ক্ষমতা হলো শরীরের আকৃতি বদলানো। কাদার মতো শরীর নিয়ে সে অন্য মানুষের রূপও ধারণ করতে পারে। এই ক্ষমতাই সিনেমার ভয়ের অন্যতম উৎস।
‘ক্লেফেইস’ সাধারণ সুপারহিরো সিনেমা নয়। এতে অ্যাকশনের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আতঙ্ক, মানসিক সংকট ও শরীরের অস্বাভাবিক পরিবর্তন। মুখের বিকৃতি, শরীরের আকৃতি বদলে যাওয়া এবং চিকিৎসার ভয়াবহ পরিণতি গল্পে ভিন্ন মাত্রা যোগ করেছে।
সৌন্দর্য ও পরিচয় হারানোর ভয়ও সিনেমাটির গুরুত্বপূর্ণ বিষয়। একজন অভিনেতার জীবনে চেহারার গুরুত্ব কতটা, তা ম্যাট হ্যাগেনের গল্পে উঠে এসেছে। নিজের পুরোনো রূপ ফিরে পাওয়ার চেষ্টা কীভাবে তাকে বদলে দেয়, সেটিও দেখানো হয়েছে।
ডিসি কমিকসের পরিচিত জগতের একটি তুলনামূলক কম আলোচিত চরিত্রকে নিয়ে এমন হরর সিনেমা দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনা চলছে। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্রিমিয়ারও সিনেমাটিকে ঘিরে আগ্রহ তৈরি করেছে।
আরও পড়ুন
রহস্যময় চরিত্রে ইয়াশ রোহান
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
-->কিছু মানুষ জীবনে আসে গল্প হয়ে, আর কিছু মানুষ আসে পুরো গল্পটাই বদলে দিতে! এমনই কৌতূহলভরা রহস্যময় এক চরিত্রে দেখা যাবে ইয়াশ রোহানকে। যে মানুষটির জীবনের গল্প পাল্টে দিতে হাজির হবেন, তিনি নাজনীন নীহা। সময়ের আলোচিত এই জুটিকে এবার দেখা যাবে ‘তোমার পরে তুমি’ নাটকে।
গল্পে দেখা যায়, জীবনের কঠিন সময়ে দাঁড়িয়ে সারা, কিছু একটা অঘটনের চেষ্টা করে, সে সময় অতর্কিতভাবে সামনে এসে হাজির হয় অপরিচিত সজল, সঙ্গে একটি পোষা বিড়াল। সারা সিদ্ধান্ত পাল্টায়। এতদিন পোষা বিড়ালটি সজলের সঙ্গী ছিল, ঘটনাচক্রে এবার যুক্ত হয় সারাও। সে জীবনে নতুন দিশা খুঁজে পায় সজলের কারণে। গল্পে আসে নতুন মোড়। এখানে সজল চরিত্রে দেখা যাবে ইয়াশকে।
‘তোমার পরে তুমি’ নাটকে ইয়াশ ও নীহার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পার্থ শেখকে। এই প্রথম এই তিনজনকে একই নাটকে দেখা যাবে। অচিরেই সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘তোমার পরে তুমি’। এতে ব্যবহার করা হয়েছে ‘তোমার পিছু’ নামের একটি গান। নাজির মাহমুদের সুরে এটি গেয়েছেন রিয়াদ। রাসেল পারভেজের রচনায় নাটকটি নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন।
