চলমান ফুটবল মৌসুমে প্রথম জয়ের দেখা পেল ব্রাদার্স ইউনিয়ন ও চট্টগ্রাম সিটি এফসি। মঙ্গলবার ফেডারেশন কাপে ব্রাদার্স ৪-১ গোলে ফকিরেরপুল ইয়ংমেন্সকে এবং ঢাকার মাঠের জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে নবাগত চট্টগ্রাম সিটি এফসি।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়মে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স। ‘এ’ গ্রুপের ম্যাচের প্রথমার্ধে সুলায়মান সিল্লার গোলে এগিয়ে যায় ফকিরেরপুল ইয়ংমেন্স। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় ব্রাদার্স। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পাল্টে দেয় ওমর সিসের দল। ৬০ মিনিটের পর পেনাল্টি থেকে সমতায় ফেরার পর একে একে আরও তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠায় তারা। ব্রাদার্সের হয়ে বদলি হিসেবে মাঠে নেমে জোড়া গোল করেন আবদুল হালিম। একটি করে গোল করেন থিয়াগো দা সিলভা ও সৈয়দ আলী রেজা। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাদার্স। ফেডারেশন কাপের প্রথম ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ব্রাদার্স। এবার জয়ে ফিরেই চার পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে দলটি।
দিনের অপর ম্যাচে রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়ে সমান চার পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নবাগত চট্টগ্রাম সিটি এফসি। বাংলাদেশ ফুটবল লিগে টানা তিন ম্যাচ হারের পর ফেডারেশন কাপের প্রথম ম্যাচেও জয় পায়নি বন্দরনগরীর দলটি। অবশেষে রহমতগঞ্জকে হারিয়ে মৌসুমের প্রথম জয়ের দেখা পেল তারা। দুই ম্যাচে ব্রাদার্সের দাপুটে জয় এবং চট্টগ্রাম সিটির ঘুরে দাঁড়ানোয় ‘এ’ গ্রুপের লড়াই জমে উঠেছে।
