বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ দেখতে দর্শকদের জন্য বিনামূল্যে গ্যালারিতে প্রবেশের সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বসে পাঁচ দিনই খেলা উপভোগ করতে পারবেন দর্শকেরা।
আগামী ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে দুই দলের প্রথম টেস্ট। এ পাঁচ দিন উত্তর ও দক্ষিণ গ্যালারিতে প্রবেশের জন্য দর্শকদের কোনো টিকিটের মূল্য দিতে হবে না।
ক্রিকেটপ্রেমীদের মাঠে এসে খেলা উপভোগের সুযোগ করে দিতেই বিসিবির এ উদ্যোগ। এতে দর্শকেরা সরাসরি গ্যালারিতে বসে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের লড়াই দেখার সুযোগ পাবেন।
তবে বিনামূল্যে প্রবেশের এ সুবিধা স্টেডিয়ামের সব অংশের জন্য প্রযোজ্য নয়। গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল ও মুশতাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি ও হসপিটালিটি এলাকায় এ সুযোগ থাকছে না।
