প্রতিনিধি, সুনামগঞ্জ · ১৭ অক্টোবর, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত দেওয়া নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় নাজিম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌরসভার লুদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজিম উদ্দিন ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে হয়। বিয়ের দাওয়াত দেওয়া নিয়ে তার চাচাতো ভাই মাসুম মিয়ার পরিবারের সঙ্গে মনোমালিন্য দেখা দেয়। শনিবার সকালে নাজিম উদ্দিন দাওয়াত দিতে মাসুম মিয়ার বাড়িতে গেলে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মাসুম ও তার ভাইয়েরা নাজিম উদ্দিনের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
এতে গুরুতর আহত হন নাজিম উদ্দিন। পরে তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বোন সাজিয়া বেগম অভিযোগ করেন, মাসুমের নেতৃত্বে ৭-৮ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ভাইয়ের ওপর হামলা চালান। এ হামলাতেই তার ভাইয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান সাজিয়া বেগম।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, নাজিম উদ্দিনকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতের চিহ্ন ছিল।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গুগলে আমাদের খবর পেতে
