টানা দুটি হতাশাজনক ড্রয়ের পর জয়ের দেখা পেল জার্মান চ্যাম্পিয়নরা। ম্যাচের আগের দিন বায়ার্ন মিউনিখ কোচ ভেঁসো কোম্পানি বলেছিলেন, সেরা ফর্মের খুব কাছে তার দল। লাইপজিগের বিপক্ষেই স্বরূপে দেখা দিল জার্মান চ্যাম্পিয়নরা। লুইস দিয়াসের হ্যাটট্রিকে বড় জয় পেল তারা। ঘরের মাঠে শনিবার বুন্ডেসলিগার ম্যাচটি শিরোপাধারীরা জিতেছে ৬-১ গোলে। সব প্রতিযোগিতা মিলিয়ে দুই ম্যাচ পর জয়ের স্বাদ পেল বায়ার্ন। ঘরোয়া লিগে আগের ম্যাচে আউক্সবুর্কের সঙ্গে ২-২ ড্রয়ের পর, চ্যাম্পিয়নস লিগে নরওয়ের ক্লাব ভাইকিংয়ের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছিল তারা।
জয়ে ফেরার লড়াইয়ে প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। দ্বাদশ মিনিটে দিয়াস দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান আলেকসান্দার পাভলোভিচ ও মাইকেল ওলিসে।
দ্বিতীয়ার্ধের ৯৫ সেকেন্ডে নিজের দ্বিতীয় গোল করেন দিয়াস। বুন্ডেসলিগায় নিজের শততম ম্যাচের ৫২তম মিনিটে জালের দেখা পান হ্যারি কেন। জার্মানির শীর্ষ লিগে ইংলিশ স্ট্রাইকারের গোল হলো ১০২টি। ৬৯তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন কলম্বিয়ার উইঙ্গার দিয়াস। যোগ করা সময়ে সান্ত্বনার গোলটি পায় লাইপজিগ।
