রুবেল মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় বিএসএফের বিরুদ্ধে কৃষকদের ওপর হামলা এবং গুলি, ককটেল ও সাউন্ড বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সীমান্তের ৮৩৭/৪-এস নম্বর প্রধান পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জমিতে কাজ করার সময় কয়েকজন বিএসএফ সদস্য বাংলাদেশি কৃষকদের জমিতে প্রবেশ করে তাঁদের সরে যেতে বলেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কৃষকেরা সম্মিলিতভাবে প্রতিবাদ করলে বিএসএফ সদস্যরা গুলি ও বিস্ফোরক নিক্ষেপ করতে করতে সীমান্তের ওপারে ফিরে যান বলে অভিযোগ রয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিজিবির টহল দল। ৫১ বিজিবির পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে এবং বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা. শাহীনুল ইসলাম জানান, ঘটনাটি নিয়ে বিএসএফের সঙ্গে প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফের পক্ষ থেকে পাথর উত্তোলনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়েছে বলে দাবি করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
The post বুড়িমারী সীমান্তে বিএসএফের অনুপ্রবেশের অভিযোগ, গুলি ও ককটেল নিক্ষেপ appeared first on sokalerkhobor24.com.
