দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে বুধবার রাতে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ। বুধবার রাতে ঘটনাটি ঘটে আরামবাগের সতীতলা এলাকায়। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন জখম হন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আসার পরেও দু’পক্ষের মধ্যে মারপিট চলতে থাকে। এরপর পরিস্থিতি স্বাভাবিক করতে লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, সতীতলা এলাকার বাঁধপাড়া ও ভূমিজপাড়ার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পাড়াতেই দুর্গাপুজো হয়। প্রতিমা নিরঞ্জনের আগে এক পাড়ার বাসিন্দারা সিঁদুর খেলা ও নাচগানে মাতে। সেই সময় অন্য পাড়ার কয়েকজন যুবক এসে নাচানাচি শুরু করে। এই নিয়ে দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এরপর তা গড়ায় হাতাহাতিতে। লাঠি দিয়ে চলে মারধর। কয়েকটি বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।
পরিস্থিতি সামাল দিতে আরামবাগ থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু তা সত্ত্বেও স্বাভাবিক হচ্ছিল না পরিস্থিতি। লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। স্থানীয়দের দাবি, পুলিশের পদক্ষেপের পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। গুরুতর জখমদের হাসপাতালে চিকিৎসা চলছে। দশমীর দিন দুই পাড়ার মধ্যে এই সংঘর্ষের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
